ad
ad

Breaking News

KKR

নাইটদের পেস আক্রমণে নতুন দুশ্চিন্তা, পাক বোর্ডের সঙ্গে চুক্তি ভাঙায় আইনি সমস্যায় পড়তে পারেন মুজারাবানি

এমনকি ভবিষ্যতে তাঁকে পিএসএলে নিষিদ্ধ করা হতে পারে বলেও আলোচনা চলছে।

kkr-bowling-department-crisis-ipl-harshit-rana-injury-muzarabani

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: পেস বোলিং বিভাগ নিয়ে সমস্যার যেন শেষ নেই কলকাতা নাইট রাইডার্সের। একের পর এক চোট এবং দলগত পরিবর্তনের কারণে আসন্ন আইপিএল মরসুমের আগে বেশ চাপে পড়েছে নাইট শিবির। প্রথমে সমস্যা দেখা দেয় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। ভারত-বাংলাদেশ সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে দলে নিয়েও নিষেধাজ্ঞার কারণে খেলাতে পারবে না বাদশা খানের দল। এরপর চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েন তরুণ ভারতীয় পেসার হর্ষিত রানা। সেই পরিস্থিতিতে বিকল্প হিসাবে দলে নেওয়া হয় জিম্বাবোয়ের জোরে বোলার ব্লেসিং মুজারাবানিকে। কিন্তু তাঁকে নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে।

মুজারাবানি আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। পিএসএলের নিলামে দল না পেলেও পরে শামার জোসেফের পরিবর্ত হিসাবে তাঁকে দলে নেয় ইসলামাবাদ। প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকার চুক্তিতে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তাঁর। তবে পরে আইপিএলে খেলার সুযোগ পাওয়ায় তিনি সেই চুক্তি ভেঙে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাব গ্রহণ করেন।

এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যথেষ্ট অসন্তুষ্ট। তাঁদের মতে, চুক্তি ভেঙে অন্য লিগে খেলতে যাওয়া পেশাদারিত্বের পরিপন্থী। ফলে মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে। এমনকি ভবিষ্যতে তাঁকে পিএসএলে নিষিদ্ধ করা হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও আইপিএলে খেলতে তাঁর কোনও বাধা হবে না বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় পৌঁছনোর কথা।

তবে কেকেআরের সমস্যা এখানেই শেষ নয়। হর্ষিত রানার চোট এখনও পুরোপুরি সারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, চলতি আইপিএল মরশুমে তাঁকে মাঠে পাওয়ার সম্ভাবনা খুবই কম। অথচ গত মরশুমে কেকেআরের ট্রফি জয়ের পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯টি উইকেট নিয়ে তিনি দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন।

এই পরিস্থিতিতে কেকেআরের পেস আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে ভারতীয় পেসারদের মধ্যে আকাশ দীপ, বৈভব অরোরা, উমরান মালিক এবং কার্তিক ত্যাগীর উপরই ভরসা করতে হবে দলকে। বিদেশি পেসার হিসেবে রয়েছেন মুজারাবানি এবং মাথিশা পাথিরানা, যদিও পাথিরানাও চোট সমস্যায় ভুগছেন।

বিকল্প হিসেবে আকাশ মাধওয়াল, সিমরজিৎ সিংহ বা চেতন সাকারিয়ার মতো বোলারদের কথা ভাবতে পারে কেকেআর। এখন দেখার বিষয়, এই কঠিন পরিস্থিতিতে নাইটদের বোলিং বিভাগ কতটা ঘুরে দাঁড়াতে পারে।