চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অ্যাশেজ সিরিজে ফের শতরান জো রুটের। সিডনিতে সিরিজের পঞ্চম টেস্টে শতরান করলেন তিনি। সোমবার ১৪৬ বলে শতরানে পৌঁছন রুট। এই শতরানের সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে শতরানকারীদের তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে স্পর্শ করলেন তিনি। দু’জনেরই টেস্টে শতরান সংখ্যা এখন ৪১টি।শেষ পর্যন্ত ১৬০ রান করে আউট হন রুট। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার। রুটের নেতৃত্বে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৪ রানে।
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২১১/৩। অপরাজিত ৭২ রানে ছিলেন রুট। দ্বিতীয় দিনের সকালের পর্বে ধৈর্য ধরে ব্যাট করে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। হ্যারি ব্রুকের সঙ্গে তাঁর ১৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি ইংল্যান্ডকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। ব্রুক ৮৪ রান করে স্কট বোল্যান্ডের বলে আউট হন।এরপর জেমি স্মিথকে সঙ্গে নিয়ে আরও ৯৪ রান যোগ করেন রুট। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার স্মিথ ৭৬ বলে ৪৬ রান করেন। উইল জ্যাকসের ব্যাট থেকে আসে ২৭ রান। তবে অধিনায়ক বেন স্টোকস শূন্য রানে ফিরে যান। শেষদিকে সঙ্গীর অভাবে ইনিংস আর টানতে পারেননি রুট।
মাইকেল নেসেরের দুরন্ত ক্যাচে আউট হন তিনি। ফলো-থ্রুতে ডান দিকে ঝাঁপিয়ে রুটের ক্যাচ তালুবন্দি করেন নেসের। রুট যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, গোটা সিডনি ক্রিকেট গ্রাউন্ড করতালিতে ভরে ওঠে।এই সিরিজের তৃতীয় টেস্টেও ব্রিসবেনে শতরান করেছিলেন রুট। দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মাটিতে শতরান না করায় তাঁকে নিয়ে সমালোচনা চলছিল। তবে ব্রিসবেনের পর সিডনিতেও শতরান হাঁকিয়ে কার্যত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন তিনি। সিডনিতে এটিই রুটের প্রথম টেস্ট শতরান। ১৬৩তম টেস্টে এসে ৪১তম শতরান করেন তিনি, যেখানে পন্টিং এই মাইলফলক ছুঁতে নিয়েছিলেন আরও পাঁচটি ম্যাচ। তালিকার শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর—২০০ টেস্টে ৫১টি শতরান।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন মাইকেল নেসের। ৬০ রানে ৪ উইকেট নেন তিনি। স্কট বোল্যান্ড নেন ২ উইকেট (৮৫ রান), মিচেল স্টার্কের ঝুলিতে ২ উইকেট (৯৩ রান)। মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট পান।জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও পুরোপুরি স্বস্তিতে ছিল না। ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে (২১) দ্রুত ফিরিয়ে দেন বেন স্টোকস। তবে ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। লাবুশেন ৪৮ রানে আউট হলেও দিনের শেষে অপরাজিত থাকেন হেড। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫টি চারের সাহায্যে ৮৭ বলে ৯১ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন নেসের (১)।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৬৬। প্রথম ইনিংসে ইংল্যান্ড এখনও এগিয়ে রয়েছে ২১৮ রানে।ম্যাচের মাঝেই স্টোকস ও লাবুশেনের মধ্যে কথা কাটাকাটি নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ায় মাঠে। আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্টোকস বল হাতে ৩০ রানে ২ উইকেট নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে ইংল্যান্ডের অন্য বোলারেরা অস্ট্রেলীয় ব্যাটারদের বিশেষ সমস্যায় ফেলতে পারেননি।