ad
ad

Breaking News

Jasprit Bumrah

Jasprit Bumrah: বিসিসিআই-এর কড়া নির্দেশ মানলেন বুমরাহ! নিউজিল্যান্ড সিরিজের আগেই ফিরলেন ঘরোয়া ক্রিকেটের আঙিনায়

নিজের ছন্দ ও ফিটনেস ধরে রাখতে গুজরাটের বিজয় হাজারে অভিযানে নিজেকে জড়িয়ে ফেললেন তিনি।

Jasprit Bumrah Vijay Hazare Trophy BCCI Rule

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বিসিসিআই। সেই নিয়ম মেনেই বিজয় হাজারে ট্রফিতে হাজির থাকতে দেখা গেল ভারতীয় দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত তাঁকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে। তবে নিজের ছন্দ ও ফিটনেস ধরে রাখতে গুজরাটের বিজয় হাজারে অভিযানে নিজেকে জড়িয়ে ফেললেন তিনি।

দিনকয়েকের মধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। বোর্ড সূত্রে খবর, এই সিরিজটিকে মূলত ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নিরিখে বিচার করছে বিসিসিআই। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে একঝাঁক তারকা ক্রিকেটারকে এই ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই তালিকায় অন্যতম নাম জশপ্রীত বুমরাহ। ২০২৩ বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত কোনও ওয়ানডে ম্যাচ খেলেননি তিনি। চোট-আঘাতের ঝুঁকি কমাতে এবং দীর্ঘমেয়াদি প্রস্তুতির কথা মাথায় রেখেই তাঁকে ছাড়াই কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামতে পারে ভারত। তবে ম্যাচ না খেললেও প্রস্তুতিতে যে কোনও খামতি রাখতে চান না বুমরাহ। সেই কারণেই সোমবার তিনি হাজির ছিলেন বিজয় হাজারে ট্রফির মাঠে। গুজরাট কলেজ গ্রাউন্ডে এদিন কর্নাটক ও তামিলনাড়ুর ম্যাচ চলছিল। ওই মাঠের নেটে প্রথমে ওয়ার্ম আপ করেন ভারতীয় পেসার।

কিছুক্ষণ গা ঘামানোর পর ছোট রান-আপে বোলিং শুরু করেন তিনি। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসলেও পুরো শক্তি দিয়ে বল করেননি বুমরাহ।সূত্রের খবর, আপাতত আরও কয়েকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকবেন তিনি। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানে পূর্ণশক্তির দল নিয়েই নামার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের। সেই সিরিজেই বুমরাহর মাঠে ফেরার সম্ভাবনা প্রবল।উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার মাত্র আট দিনের মধ্যেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপা ধরে রাখাকেই পাখির চোখ করেছে। তাই বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।