ad
ad

Breaking News

Injury Update

বুমরাহ-হর্ষিতকে নিয়ে দুশ্চিন্তার মাঝে স্বস্তি! চোট সারিয়ে টিম ইন্ডিয়ায় ফিরছেন ওয়াশিংটন সুন্দর

চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেননি তিনি।

Injury Update Washington Sundar Fit Again

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: টি-২০ বিশ্বকাপে চোটের জেরে কিছুটা সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। প্রথম ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। আবার অভিষেক শর্মাকেও নাকি পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও খেলানো হয়েছিল। ফলে দল নিয়ে চিন্তা বাড়ছিল ভারতীয় শিবিরে। তবে এর মধ্যেই মিলল স্বস্তির খবর—চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনওমতে জয় পেয়েছিল ভারত। ম্যাচ জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, ওয়াশিংটন পুরোপুরি ফিট এবং দিল্লিতে দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেননি তিনি।

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাবের পর ফিটনেস সার্টিফিকেটও পেয়ে গিয়েছেন এই অফস্পিনার-অলরাউন্ডার। ইতিমধ্যেই ব্যাটিং ও বোলিং অনুশীলন শুরু করেছেন। প্রথম ম্যাচ জিতলেও ভারতের ব্যাটিং বিভাগ যথেষ্ট উদ্বেগ তৈরি করেছিল। মার্কিন দলের মিডিয়াম পেসার শেডলি ভ্যান শাকউইকের সামনে একসময় ধসে যায় ভারতীয় ব্যাটিং। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের দায়িত্বশীল ইনিংসেই জয় নিশ্চিত হয়। তবে এই ম্যাচ আরও একবার বুঝিয়ে দিয়েছে, দলে একজন কার্যকর অলরাউন্ডারের প্রয়োজন কতটা। সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ওয়াশিংটন।যদিও ১২ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে সরাসরি প্রথম একাদশে দেখা যাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

আপাতত দলে জায়গা পাওয়া সহজ নয়। তবে রিঙ্কু সিং ব্যর্থ হলে কিংবা স্পিন সহায়ক পিচ হলে শিবম দুবে বা কোনও পেসারের বদলে তাঁকে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কোচ গৌতম গম্ভীরের আস্থাভাজন হিসেবেও পরিচিত ওয়াশিংটন। গত কয়েক মাস ধরে টি-২০ ক্রিকেটে নিয়মিত খেলায় তাঁর ম্যাচ ফিটনেস নিয়েও বিশেষ প্রশ্ন নেই।এই মুহূর্তে ভারতীয় শিবিরের একটাই কামনা—আর যেন নতুন করে কেউ চোট না পান এবং যাঁরা সমস্যায় রয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন। ওয়াশিংটনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলে ভারসাম্য আনবে। তাঁর উপস্থিতি ব্যাটিংকে যেমন শক্তিশালী করবে, তেমনই বোলিং বিভাগেও বাড়তি ধার যোগ করবে।