ad
ad

Breaking News

Indian Women Football

বিশ্বমঞ্চের স্বপ্ন ঘিরে প্রশাসনিক গাফিলতি, চাপের মুখে ভারতীয় মহিলা ফুটবল দল

সঙ্গীতা, সুইটি দেবী, মণীশা কল্যাণরা নাকি ক্ষোভ প্রকাশ করে ফেডারেশনকে চিঠিও দিয়েছেন।

Indian Women Football Team Faces Jersey Controversy

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বিশ্বমঞ্চে পা রাখার স্বপ্ন একেবারে হাতের মুঠোয়। মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ফুটবল দল। যে স্বপ্ন বহুদিন ধরে লালন করেছে দেশের ফুটবল মহল, সেই লক্ষ্য পূরণের সুবর্ণ সুযোগ সামনে। কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অপ্রত্যাশিত এক বিতর্কে জড়িয়ে পড়তে হল সঙ্গীতা বাসফোরদের।

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা দল। ৪ মার্চ থেকে শুরু তাদের অভিযান। কিন্তু প্রতিযোগিতা শুরুর ঠিক আগে দেখা দিল জার্সি-সংকট। অভিযোগ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে জার্সি পাঠানো হয়েছে, তার অধিকাংশই ফুটবলারদের গায়ে ঠিকমতো আঁটছে না। প্রায় ৮০ শতাংশ খেলোয়াড়ের ক্ষেত্রেই মাপ ছোট। সূত্রের খবর, ভুলবশত বয়সভিত্তিক দলের কিট পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে আসা সিনিয়র ফুটবলারদের জন্য একেবারেই অপ্রতুল।

শুধু তাই নয়, নির্ধারিত সময়ের থেকেও দেরিতে পৌঁছেছে সেই জার্সি। টুর্নামেন্ট শুরুর মাত্র দুদিন আগে টিম হোটেলে এসে পৌঁছায় কিট। ফলে প্রস্তুতির মাঝেই বিঘ্ন ঘটেছে দলের মনোসংযোগে। সঙ্গীতা, সুইটি দেবী, মণীশা কল্যাণরা নাকি ক্ষোভ প্রকাশ করে ফেডারেশনকে চিঠিও দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, সঠিক পোশাকের অভাবে অনুশীলন ও প্রস্তুতিতে সমস্যা হচ্ছে, এমনকি মানসিক ধাক্কাও খেতে হয়েছে ফুটবলারদের।

অবস্থার চাপে পড়ে অনুশীলনের জন্য স্থানীয় বাজার থেকে আপাতত দুসেট জার্সি কিনে ব্যবহার করতে হচ্ছে দলকে। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, জাতীয় মহিলা দলের বর্তমানে কোনও কিট স্পনসর নেই। তবে ম্যাচের আগে সঠিক মাপের জার্সি এবং প্রয়োজনীয় পোশাক পৌঁছে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, আগামী বছর ব্রাজিলে বসতে চলেছে মহিলা বিশ্বকাপ। সেই মঞ্চে পৌঁছনোর অন্যতম প্রধান সোপান এই এশিয়ান কাপ। সেমিফাইনালে উঠলেই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। এমনকি শেষ আট থেকে প্লে-অফে সুযোগ পেলেও বিশ্বকাপের টিকিটের সম্ভাবনা জোরালো।
বিশ্বকাপের স্বপ্ন যখন এত কাছে, তখন এই ধরনের প্রশাসনিক গাফিলতি নিঃসন্দেহে হতাশাজনক। তবু মাঠে নামার আগে সব বিতর্ক সরিয়ে রেখে একটাই লক্ষ্য ব্লু টাইগ্রেসদের -ইতিহাস গড়া।