চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের অচলাবস্থায় তীব্র চাপে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বছর পেরিয়ে গেলেও ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলকে ‘বাঁচাতে’ ফিফার সরাসরি হস্তক্ষেপ চেয়ে আবেদন জানালেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী ও বর্তমান অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু সহ একাধিক শীর্ষ ফুটবলার।
কয়েক দিন আগে গুরপ্রীত সিং সান্ধুর পোস্ট করা একটি ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিং প্রমুখ। বিদেশি ফুটবলারদের মধ্যে ছিলেন কার্লোস দেলগাদো, হুগো বুমো ও মাইকেল জাবাকোরাও। ভিডিও বার্তায় তাঁরা একবাক্যে ফিফার কাছে আবেদন করেন, দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান। তাঁদের অভিযোগের কেন্দ্রে রয়েছে এআইএফএফের ব্যর্থতা ও দীর্ঘসূত্রতা।ফুটবলারদের এই আবেদন ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সেই ভিডিও শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নর্থইস্ট ইউনাইটেড এফসি’র অন্যতম কর্ণধার তথা বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনি লেখেন, আমাদের লজ্জা হওয়া উচিত। বাস্তবতা আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ বলেও আখ্যা দেন তিনি। ফুটবলারদের সরাসরি ফিফার দ্বারস্থ হওয়ার পর চাপ আরও বেড়ে যায় এআইএফএফের উপর। বিষয়টিতে রাজনীতিও ঢুকে পড়ে। অরবিন্দ কেজরিওয়ালের মতো রাজনৈতিক নেতারাও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, ক্রীড়ামন্ত্রক আগেই দাবি করেছিল যে আইএসএল আয়োজন হবেই, ফলে ফেডারেশনের উপর সরকারের তরফেও বাড়তি চাপ তৈরি হয়।
এই সমস্ত চাপের মুখে শেষ পর্যন্ত এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেরা সিদ্ধান্ত নেন, চলতি মরশুমে আইএসএল আয়োজনের দায়িত্ব নেবে ফেডারেশনই। ফলে দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখছেন ফুটবলপ্রেমীরা।উল্লেখযোগ্য বিষয় হল, আইএসএল আয়োজনের জন্য এফএসডিএল-সহ কোনও সংস্থাই বিড করেনি। একাধিক ক্লাবের সঙ্গে আলোচনায় বসেও ফেডারেশন কোনও সমাধানসূত্র বের করতে পারেনি। তবে সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হতে পারে। প্রায় তিন মাসের লিগ আয়োজনের খরচ বহন করবে এআইএফএফ, আর দলগুলো নিজেদের পরিচালন খরচ নিজেরাই সামলাবে।যদিও আইএসএল শুরুর সম্ভাবনায় কিছুটা স্বস্তি ফিরেছে, তবু বিতর্ক থামেনি। এই অচলাবস্থার বিরুদ্ধে ফের গর্জে উঠেছেন নর্থইস্ট ইউনাইটেড এফসি’র অন্যতম কর্ণধার জন আব্রাহাম। তাঁর মতে, ভারতীয় ফুটবল যে সংকটে পড়েছে, তার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারওই।