ad
ad

Breaking News

India vs Zimbabwe

শুধু জয় যথেষ্ট নয়: জিম্বাবোয়ের বিরুদ্ধে রানরেট বাড়ানোর অগ্নিপরীক্ষায় ভারত

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ ভারতের।

India vs Zimbabwe

চিত্র: সংগৃহীত

জয়ন্ত চক্রবর্তী: বিশ্বকাপের সুপার এইট-এর লিগ টেবলে ভারত শুধু যে পয়েন্টের নিরিখে পিছিয়ে রয়েছে তা নয়, দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের শোচনীয় পরাজয়ের পর রান রেটেও অনেকটাই খারাপ অবস্থায় আছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে বৃহস্পতিবার ভারতকে শুধু জিতলে হবে না, জিম্বাবোয়েকে হারাতে হবে বড় রানের ব্যাবধানে, যাতে অন্তত কিছুটা স্বস্তি নিয়ে তারা ১ মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে পারে (India vs Zimbabwe)।

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ ভারতের। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর তাদের এই দুটি ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে। যদি ভারত সেমিফাইনালে ওঠে এবং অন্যদিক থেকে পাকিস্তান তাদের মুখোমুখি না হয় তবে ৪ মার্চ তারা ওয়ানখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ খেলবে। পাকিস্তান উঠলে ভারতের সেমিফাইনাল হবে কলম্বোয় ৫ মার্চ। তবে, সেমিতে খেলার জন্য তার আগে কালকের ম্যাচ এবং রবিবারের ম্যাচ জেতা চাই (India vs Zimbabwe)।

কাল জিম্বাবোয়ে ম্যাচ জেতার জন্য পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতকে ৭০ রান তুলতেই হবে। প্রশ্ন হল এই রান তুলবে কে? পেটের পীড়ার জন্যে অভিষেক শর্মা হাসপাতাল থেকে ফিরে এসে ছন্দে নেই। চারটি ম্যাচে দলের জন্য সংগ্রহ ১৫টি রান মাত্র। তাঁকে এরপরও দলে রাখা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। রিঙ্কু সিং রবিবার খেলবেন কিনা সন্দেহ। ক্যান্সার আক্রান্ত বাবা ভেন্টিলেশনে শুনে রিঙ্কু বাড়ি চলে গেছেন। এই অবস্থায় সঞ্জু স্যামসনের দলে আসা নিশ্চিত। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসবেন দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। রবি শাস্ত্রী যদিও প্যাটেল এবং সুন্দর— দু’জনকেই দলে চান। কিন্তু বাস্তবে বোধহয় তা হবে না (India vs Zimbabwe)।

অভিষেক শর্মাকে আর একটি সুযোগ দিতে চান সুনীল গাভাসকারও। কে বলতে পারে, অভিষেক তাঁর ব্যাডপ্যাচ কাটিয়ে উঠবেন না রবিবার জিম্বাবোয়ে ম্যাচে! রবি শাস্ত্রী নিশ্চিত যে ভারত সেমিফাইনালে উঠছেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয়ে তিনি খুশি। এই হারকে তিনি ‘ছদ্মবেশী আশীর্বাদ’ এর সঙ্গে তুলনা করেছেন। বলেছেন যে, টুর্নামেন্টের গোড়ার দিকে এই পরাজয় ভারতীয় ক্রিকেটারদের চাগিয়ে দেবে। এবার থেকে অন্য ভারতীয় দলকে দেখা যাবে। শাস্ত্রী যতটা আস্থা রাখছেন ভারতীয় ক্রিকেটারদের ওপর, আমজনতা কি ততটা আশাবাদী? বোধহয় না। এই আস্থাটুকু ফেরানোর জন্যে সূর্যকুমারদের ভাল খেলাটা জরুরি। আকাশ মেঘে ভরা, সূর্যের আলো কি পড়বে না এই আঁধার কাটাতে (India vs Zimbabwe)!