ad
ad

Breaking News

India U-19

আফগানদের উড়িয়ে ফাইনালে ভারত, অ্যারন-বৈভবের ব্যাটে বিশ্বজয়ের স্বপ্ন দেশবাসীর

ভারতের হয়ে কণিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রন দু’টি করে উইকেট নেন।

India U-19 Beats Afghanistan, Set to Face England for 6th Title

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিরাট কোহলি, শুভমান গিলদের পর নতুন প্রজন্ম কি আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেবে ভারতে? সেই স্বপ্ন আরও উজ্জ্বল করে সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা আয়ুষ মাত্রের দল এবার ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি দেখছে (India U-19)।

হারারের ২২ গজে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা ধীরগতির হলেও পরে ম্যাচের রং বদলে দেন ফয়জল শিনোজাদা এবং উজাইরুল্লা নিয়াজাই। শিনোজাদা ৯৩ বলে ১১০ এবং নিয়াজাই ৮৬ বলে অপরাজিত ১০১ রান করেন। তাঁদের ১৪৮ রানের জুটিতে ভর করে ৪ উইকেটে ৩১০ রানের বড় স্কোর তোলে আফগানিস্তান। ভারতের হয়ে কণিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রন দু’টি করে উইকেট নেন।

৩১১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজেই শুরু করে ভারত। মাত্র ৩৩ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী, যাতে ছিল ৯টি চার ও ৪টি ছয়। শুরুতেই ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায়।বৈভব ফিরলেও রান তোলার গতি কমতে দেননি অন্য ওপেনার অ্যারন জর্জ এবং অধিনায়ক আয়ুষ মাত্রে। দ্বিতীয় উইকেটে তাঁদের ১১৪ রানের জুটি ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। মাত্রে ৫৯ বলে ৬২ রান করেন। অন্যদিকে একবার সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে সুযোগ কাজে লাগান অ্যারন। শেষ পর্যন্ত ১০৪ বলে ১১৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি (India U-19)।

শেষদিকে বিহান মলহোত্র (অপরাজিত ৩৯) ও বেদান্ত ত্রিবেদীকে সঙ্গে নিয়ে ৪১.১ ওভারেই ৩ উইকেটে ৩১১ রান তুলে নেয় ভারত। ৫৩ বল বাকি থাকতেই রেকর্ড রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় হৃষিকেশ কানিতকারের কোচিংয়ে থাকা দল।আফগানিস্তানের হয়ে ওমরজাই ৬৪ রানে ২ উইকেট নিলেও স্পিন আক্রমণ প্রত্যাশিত সাফল্য পায়নি। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি তুলে ভারতীয় ব্যাটাররা লক্ষ্যকে নাগালের মধ্যেই রেখেছিলেন।বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার দু’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারে না। ফলে প্রতি বারই নতুন দল নিয়ে ফাইনালে ওঠে ভারত—আর সেই ধারাবাহিকতাই আবার বজায় থাকল। সবচেয়ে বেশি পাঁচবার এই ট্রফি জিতেছে ভারত। এবার লক্ষ্য ষষ্ঠ শিরোপা। শুক্রবার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতের যুব ব্রিগেড (India U-19)।