চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বছরভর ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝেই নিজেদের দেশে টুর্নামেন্টের পাশাপাশি বিদেশ সফরে নামছে টিম ইন্ডিয়া। এরই মধ্যে সাইক্লোনে বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে সেখানে একটি অতিরিক্ত ম্যাচ খেলতে পারে ভারত—এমন সম্ভাবনার কথা জানা গিয়েছিল। এই বিষয়ে বিসিসিআইকে অনুরোধও জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।
আগস্ট মাসে নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। এই সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু’টি টেস্ট ম্যাচের পাশাপাশি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাম্মি সিলভা জানিয়েছিলেন, বন্যা ও সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকার পাশে দাঁড়াতে একটি বাড়তি ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।সিলভা পরে জানান, ডিসেম্বর মাসে ভারতকে দিয়ে অন্তত দু’টি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হয়েছিল। ২৭ ও ২৯ ডিসেম্বর ম্যাচ করার প্রস্তাবও ছিল। তবে সেই সময় শ্রীলঙ্কার পক্ষে ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে পড়ে। সম্প্রচারকারী সংস্থাগুলির আগ্রহ না থাকায় পরিকল্পনা বাতিল করতে হয়। ফলে আগস্ট মাসে নির্ধারিত দু’টি টেস্ট ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচই হবে, অতিরিক্ত কোনও ম্যাচ খেলবে না ভারত।
তবে সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্য পথে এগোচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে যে রাজস্ব আসবে, তা সাইক্লোন-বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।এর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ জানিয়েছেন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রায় ৫০ কোটি শ্রীলঙ্কান মুদ্রা খরচ করে ফ্লাডলাইট বসানো হচ্ছে, যাতে দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা সম্ভব হয়। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও জোরকদমে চলছে।
উল্লেখ্য, গত বছরের শেষে ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র তাণ্ডবে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রাকৃতিক বিপর্যয়ে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, নিখোঁজ হন অনেকে। প্রাথমিক হিসেবে অন্তত ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।