ad
ad

Breaking News

India Football

যুগান্তকারী সিদ্ধান্ত ফেডারেশনের, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় শিবিরে ডাক পেলেন দুই ভারতীয় বংশদ্ভুত খেলোয়াড়

হাইটেক নগরীর দলটির হয়ে মাঠে তাঁর পারফরম্যান্স খালিদের দলকে শক্তিশালী করবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

india-squad-bangladesh-asian-cup-qualifier-abhneet-ryan

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়মরক্ষার ম্যাচে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। এই ম্যাচের জন্য ইতিমধ্যেই গত বুধবার তাঁর দল ঘোষণা করেছিলেন প্রধান কোচ খালিদ জামিল। একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবার সেই শিবিরে যোগদানকারী ফুটবলারদের তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটি নাম। তাঁরা দুজনেই হলেন ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার। এরা হলেন অবনীত ভারতী ও রায়ান উইলিয়ামস। তবে শিবিরে ডাক পেলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাঁদের জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে কি না, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। রায়ান ও অবনীতের জাতীয় দলের শিবিরে যোগদানের খবরটি সংবাদ মাধ্যমের কাছে নিজেই জানান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

প্রসঙ্গত, রায়ানের সঙ্গে ভারতের সম্পর্ক তাঁর মায়ের সূ্ত্রে। মুম্বইয়ের এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে রিয়ানের জন্ম। এরপর রিয়ান নিজের ফুটবল জীবনে ২০২৩ সালে পার্থ গ্লোরি ছেড়ে ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসিতে যোগদান করেন। হাইটেক নগরীর দলটির হয়ে মাঠে তাঁর পারফরম্যান্স খালিদের দলকে শক্তিশালী করবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

অপর দিকে অবনীত ভারতীর জন্ম হয় নেপালে। তাঁর বাবা দূতাবাসে কর্মরত থাকার ফলে  বিভিন্ন দেশে ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন অবনীত। তবে অবনীতের ফুটবলে হাতেখড়ি হয়েছিল দিল্লির শাস্ত্রী এফসিতে। তারপর সেখান থেকেই তিনি পাড়ি দিয়েছিলেন গেলাং ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাকাডেমিতে। অবনীত খেলেছেন পোল্যান্ড, ইতালি, মেক্সিকো, আর্জেন্টিনা, চেক রিপাবলিক, বলিভিয়ার বিভন্ন ক্লাবের পাশাপাশি ভারতীয় ক্লাব কেরল ব্লাস্টার্সের হয়েও।

তবে এই দুইজনকে জাতীয় দলের জার্সিতে বাংলাদেশের বিপক্ষে চূড়ান্ত দলে দেখা যাবে কি না সেই বিষয়ে কল্যাণ চৌবে জানান, ‘যদি প্রস্তুতি শিবিরে কোচ খালিদ জামিলের প্রত্যাশা পূরণ করতে পারেন রিয়ান ও অবনীত, তবেই তাঁদের দলে নেওয়ার কথা ভাবা যেতে পারে।’