ad
ad

Breaking News

T20 World Cup

২০০৯ সালে লাহোরের জঙ্গি হামলার কথা মনে করিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি শ্রীলঙ্কার

২০০৯ সালে লাহোরে সন্ত্রাসবাদী হামলার পর যখন অধিকাংশ দল পাকিস্তান সফর এড়িয়ে গিয়েছিল, তখন কঠিন পরিস্থিতিতেও শ্রীলঙ্কাই সেখানে খেলতে গিয়েছিল।

india-pakistan-t20-world-cup-match-uncertainty

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: টি–২০ বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ  ভারত বনাম পাকিস্তান—নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সম্ভাব্য বয়কট সিদ্ধান্তে উদ্বেগ বাড়ছে আয়োজক দেশ শ্রীলঙ্কায়। ম্যাচ বাতিল হলে গেট কালেকশন থেকে পর্যটন ও সম্প্রচার—সব ক্ষেত্রেই বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

এই পরিস্থিতিতে পিসিবি’কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে কড়া চিঠি পাঠিয়েছে এসএলসি। বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতেই পাকিস্তানকে অবস্থান বদলানোর আহ্বান জানানো হয়েছে। আয়োজক হিসেবে শ্রীলঙ্কা ইতিমধ্যেই নিরাপত্তা, লজিস্টিকস এবং বাণিজ্যিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ভারত–পাক ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ফলে শেষ মুহূর্তে ম্যাচ না হলে হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন এবং ছোট ব্যবসা—সব ক্ষেত্রেই ধাক্কা লাগতে পারে।নিরাপত্তার ক্ষেত্রেও কোনও ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা। ক্রিকেটারদের জন্য রাষ্ট্রপ্রধানের সমমানের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল ও স্টেডিয়াম—সব জায়গায় এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ভারত–পাক ম্যাচের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানিয়েছে বোর্ড।

চিঠিতে অতীতের প্রসঙ্গ টেনে পাকিস্তানকে নৈতিক দায়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসবাদী হামলার পর যখন অধিকাংশ দল পাকিস্তান সফর এড়িয়ে গিয়েছিল, তখন কঠিন পরিস্থিতিতেও শ্রীলঙ্কাই সেখানে খেলতে গিয়েছিল। এবার সেই সমর্থনের প্রতিদান আশা করছে দ্বীপরাষ্ট্র। যদিও ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে আইসিসি’কে লিখিতভাবে কিছু জানানো হয়নি। পাকিস্তান সত্যিই ম্যাচ বয়কট করলে তাদেরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ভারতের অবস্থান স্পষ্ট। টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত টিম ইন্ডিয়া। ক্যাপ্টেনদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা খেলতে যাচ্ছি। ফ্লাইট বুক করা আছে। ওদের সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণে নেই। তিনি আরও মনে করিয়ে দেন, অতীতেও নিরপেক্ষ ভেন্যুতে দুই দল মুখোমুখি হয়েছে।

৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–২০ বিশ্বকাপ, যেখানে ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তবে টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত–পাক লড়াই আদৌ হবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ম্যাচটি বাতিল হলে তার প্রভাব শুধু ক্রিকেটেই নয়, অর্থনীতিতেও পড়বে—এমন আশঙ্কাই জোরালো হচ্ছে ক্রিকেটমহলে।