চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। আগামী ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য দরপত্র জমা দেবে ভারত। বুধবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংবাদমাধ্যমকে জানান, কমিটির যুগ্ম সচিব কল্যাণ চৌবে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে। অবশেষে সেই চিঠির ওপর শীলমোহর দেন দেশের ক্রীড়া দফতর। এবং প্রতিযোগিতার সম্ভাব্য ভেন্যু হিসেবে আহমেদাবাদকেই প্রথম পছন্দ বলে আইওএ-কে জানিয়ে দিয়েছে তারা। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে কমনওয়েলথ গেমস আয়োজকদের পক্ষ থেকে অন্যতম কর্তা ডেরন হল আহমেদাবাদ ভ্রমণ করে গুজরাট সরকারের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করে গিয়েছেন (Commonwealth Games)।
আরও পড়ুন: Temple Threat: জগন্নাথ মন্দিরকে ধ্বংস করার হুমকি! কড়া নিরাপত্তা প্রশাসনের
কমনওয়েলথ গেমস আয়োজনে ভারতের আগ্রহী হওয়ার অন্যতম কারণ হচ্ছে আগামী ২০৩৬ সালের অলিম্পিক গেমস। কেননা, ইতিমধ্যে ওই অলিম্পিকের আসর ভারতে করার ইচ্ছাপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তারই প্রথম ধাপ হিসেবে কমনওয়েলথ গেমসকেই বেছে নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। কমনওয়েলথ গেমস আয়োজনের প্রসঙ্গে কর্মসমিতির অন্যতম সদস্য রোহিত রাজপাল সংবাদমাধ্যমকে জানান, ‘আগামী ২০৩০ সালের যে কমনওয়েলথ গেমসটি হবে সেটি পূর্ণাঙ্গ মাপের। ফলে যে খেলাগুলি আমরা ভাল খেলি সেগুলি গেমসের অন্তর্ভূক্ত করা যাবে, এবং তাতে আমাদের বেশি পদক জয়ের সম্ভাবনাও থাকবে।’ উল্লেখ্য, ২০২৬ সালের গ্লাসগো গেমসে খরচ বাঁচানোর জন্য বেশ কিছু খেলাকে বাদ দেওয়া হয়েছে, যেগুলিতে ভারত অত্যন্ত ভাল পারফরম্যান্স করে। যেমন, হকি, ব্যাডমিন্টন, কুস্তি, শ্যুটিং ইত্যাদি (Commonwealth Games)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/
রাজপাল আরও জানান, ‘কমনওয়েলথ গেমসে প্রধানত তিন ধরনের খেলা থাকে। যেমন যে খেলাগুলি কমনওয়েলথ গেমসের মূল খেলা, দ্বিতীয় তালিকায় থাকে যে খেলাগুলিকে আয়োজক দেশ নিজের পছন্দে মত বেছে নিতে পারে। এবং তালিকার তৃতীয় স্থানে থাকে অতিরিক্ত খেলা। কাজেই ২০৩০ সালে কমনওয়েলথ গেমসে আমরা এমন কিছু খেলাকে অন্তর্ভূক্তের তালিকায় রাখব, যেগুলো আমাদের স্বদেশীয় খেলা। যেমন কুস্তি, খো খো, তিরন্দাজ ইত্যাদি। প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় আয়োজক দেশ হিসেবে কানাডা আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে কমনওয়েলথ গেমস আয়োজনের ক্ষেত্রে ভারতের সঙ্গে লড়াই হবে মূলত দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার। আগামী ৩১ অগাস্টের কমনওয়েলথ গেমস আয়োজনের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ (Commonwealth Games)।