চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়ার পর এবার বাংলাদেশের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের দাবি, চলতি বছরে ভারতীয় দলের যে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল, সেটিও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। তবে বোর্ড সূত্রের খবর, রোহিত-বিরাটদের বাংলাদেশ সফর কার্যত অনিশ্চিত।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়। সে সময় বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন শাসকদের তীব্র ভারত-বিরোধী মনোভাবই সফর বাতিলের অন্যতম কারণ বলে মনে করা হয়। সেই বাতিল সফর নতুন করে আয়োজনের চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিসিবি ঘোষণা করে, আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
কিন্তু বিসিবি সূচি ঘোষণা করলেও ভারতীয় দল আদৌ বাংলাদেশে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। বিসিসিআই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছাঁটাই করার পর সেই প্রশ্নচিহ্ন আরও জোরালো হয়েছে। বোর্ড সূত্রে খবর, এরপরই ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে।বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের আগে ভারত সরকারের অনুমোদন নেওয়া হবে। সরকার পরিস্থিতি বিচার করে অনুমতি দিলেই কেবল সফর হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বড় কোনও রাজনৈতিক পরিবর্তন না হলে ভারতীয় দল বাংলাদেশে খেলতে যাবে না বলেই মনে করা হচ্ছে।বস্তুত এই মুহূর্তে বিসিসিআই বাংলাদেশ ও পাকিস্তানকে প্রায় একই নজরে দেখছে। পাকিস্তানের সঙ্গে ভারত শুধুমাত্র আইসিসি বা বহুজাতিক টুর্নামেন্টেই খেলে, দ্বিপাক্ষিক সিরিজে নয়। বোর্ড সূত্রে ইঙ্গিত, বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করা হতে পারে। অর্থাৎ, আপাতত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী নয় ভারত।
তবে এখানেই উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত সরকার এখনও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। বরং আলোচনার পথ খোলা রাখার পক্ষেই রয়েছে দিল্লি। সেই পরিস্থিতিতে এখনই ক্রিকেটীয় সম্পর্ক কার্যত বন্ধ করে দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও প্রশ্ন তুলছেন ক্রীড়া মহলের একাংশ।
সব মিলিয়ে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ক্রিকেট ভবিষ্যৎ এখন অনেকটাই রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রোহিতদের বাংলাদেশ সফর হবে কি না, তার উত্তর মিলবে আগামী দিনে।