চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ২০৩৬ সালের অলিম্পিক গেমস ভারতে আয়োজন করার লক্ষ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দেশ। এমনই স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি জানিয়ে দেন, অলিম্পিক আয়োজনের স্বপ্ন পূরণে কোনও খামতি রাখতে চায় না ভারত। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়ামহলে চুড়ান্ত প্রস্তুতি শুরু করেছে দেশ, আর সেই প্রস্তুতির কথা প্রকাশ্যে স্বীকার করলেন প্রধানমন্ত্রী নিজেই।ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে ভারত একাধিক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা সফল ভাবে আয়োজন করেছে। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, হকি বিশ্বকাপ, আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার মতো ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এই অভিজ্ঞতাই প্রমাণ করে যে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর আয়োজন করার মতো পরিকাঠামো ও দক্ষতা ভারতের রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩০ সালে ভারতে কমনওয়েলথ গেমস আয়োজন করা হবে। এই প্রতিযোগিতা অলিম্পিক আয়োজনের পথে ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ, কমনওয়েলথ গেমসের মাধ্যমে একদিকে যেমন পরিকাঠামোর আরও উন্নয়ন হবে, তেমনই আন্তর্জাতিক মঞ্চে দেশের ক্রীড়াসাফল্যও বাড়বে। উল্লেখ্য, ২০১০ সালের পর এই প্রথম বার আবার ভারতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে।
প্রধানমন্ত্রীর কথায়,গত দশকে দেশের বিভিন্ন শহরে ২০টিরও বেশি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসও ভারতে হচ্ছে। এখন ভারত সক্রিয় ভাবে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।এর আগে আইসিসি চেয়ারম্যান জয় শাহও অলিম্পিক আয়োজনের স্বপ্নের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সুরাটে ‘রান ফর গার্ল চাইল্ড হাফ ম্যারাথন ২.০’-র সূচনালগ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৩০ কমনওয়েলথ গেমস ভারতে এনেছেন, কিন্তু আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। ২০৩৬ অলিম্পিকও ভারতে আনতে হবে।শুধু আয়োজন নয়, অলিম্পিকে ভারতের পদকসংখ্যা নিয়েও বড় লক্ষ্যের কথা শোনান জয় শাহ। তাঁর বক্তব্য, ২০২৪ অলিম্পিকে আমরা আটটি পদক জিতেছি। কিন্তু ২০৩৬ সালে আটটি পদক যথেষ্ট নয়। আমাদের অন্তত ১০০টি পদক জিততে হবে। এর মধ্যে কমপক্ষে ১০টি পদক আসবে গুজরাত থেকে—এই বিশ্বাস আমার রয়েছে। সব মিলিয়ে, অলিম্পিক আয়োজন এবং সেখানে ভারতের সাফল্য—দু’দিকেই যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশ, তা স্পষ্ট।