চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৬ সালে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ফলে বছরজুড়ে একাধিকবার মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী, অন্তত দু’টি ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত, তবে পারফরম্যান্সের উপর নির্ভর করে এই সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে।২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বেই আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হতে হবে সলমন আলি আঘার পাকিস্তানকে। এখানেই শেষ নয়—দু’দলই নকআউট পর্বে উঠলে সেমিফাইনাল বা ফাইনালেও দেখা যেতে পারে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ (IND vs PAK Cricket)।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবশ্য শুরুতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে, পাকিস্তান গ্রুপ ‘বি’-তে। প্রস্তাবিত সূচি অনুযায়ী লিগ পর্ব কিংবা সুপার সিক্সেও দু’দেশের সাক্ষাৎ হবে না। তবে দুই দলই ভালো খেললে সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই একবার নিশ্চিত। আগামী ১৪ জুন ইংল্যান্ডের এজবাস্টনে হরমনপ্রীত কৌরদের খেলতে হবে ফতিমা সানাদের পাকিস্তানের বিরুদ্ধে। এখানেও নকআউট পর্বে উঠলে ফের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে।সব মিলিয়ে ২০২৬ সালে অন্তত দু’বার ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত—পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং নকআউট পর্ব মিলিয়ে সর্বাধিক পাঁচবার পর্যন্ত মুখোমুখি হতে পারে দুই দেশ। তবে অতিরিক্ত তিনটি ম্যাচ পুরোপুরি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিযোগিতায় দুই দলের পারফরম্যান্সের ওপর (IND vs PAK Cricket)।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের উত্তাপ আরও বেড়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব পড়েছে মাঠের বাইরেও। গত এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারেরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি, এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকেও ট্রফি নেননি সূর্যকুমাররা। এই মনোভাব দেখা গিয়েছে মহিলাদের একদিনের বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও।তবে মাঠের লড়াইয়ে সাম্প্রতিক সময়ে ভারতেরই দাপট। গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলাদের বিশ্বকাপেও জয় ভারতেরই। সেই ধারাবাহিকতা ২০২৬ সালেও বজায় থাকে কি না, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট দুনিয়া (IND vs PAK Cricket)।