চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবোয়ে ও নামিবিয়ায় শুরু হতে চলেছে ছোটদের বিশ্বকাপ। প্রতিযোগিতার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মোট ২১ জন ম্যাচ অফিসিয়াল—১৩টি দেশের ১৭ জন আম্পায়ার এবং চার জন ম্যাচ রেফারি।আইসিসি সূত্রে জানানো হয়েছে, মূলত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে—এমন আম্পায়ার ও ম্যাচ রেফারিদেরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে। আম্পায়ারদের তালিকায় উল্লেখযোগ্য নাম জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ফরস্টার মুটিজ়ওয়া। প্রতিযোগিতার মূল আয়োজক দেশ জিম্বাবোয়ে থেকে আম্পায়ার হিসাবে থাকছেন ইনো চাবিও। তালিকায় আরও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ডাইটন বাটলার এবং ইংল্যান্ডের গ্রাহাম লয়েড।
ভারত থেকেও দু’জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পাচ্ছেন এই টুর্নামেন্টে। আম্পায়ার হিসাবে থাকছেন ভারতের বীরেন্দ্র শর্মা, আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন প্রকাশ ভাট।
১৭ জন আম্পায়ারের তালিকায় এ ছাড়া রয়েছেন আহমেদ শাহ দুরানি (আফগানিস্তান), এডেন সিভার (আয়ারল্যান্ড), কোরি ব্ল্যাক (নিউ জ়িল্যান্ড), ফয়জল আফ্রিদি (পাকিস্তান), লুবাবালো গুমা (দক্ষিণ আফ্রিকা), মাসুদুর মুকুল (বাংলাদেশ), নীতিন ভাটি (নেদারল্যান্ডস), প্রগিথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা), রাসেল ওয়ারেন (ইংল্যান্ড), শন হেগ (নিউ জ়িল্যান্ড), শন ক্রেগ (অস্ট্রেলিয়া) এবং জাহিদ বাসারথ (ওয়েস্ট ইন্ডিজ)।ছোটদের বিশ্বকাপের জন্য ঘোষিত চার জন ম্যাচ রেফারি হলেন—ডিন কোসকার (ইংল্যান্ড), প্রকাশ ভাট (ভারত), গ্রেম লেব্রয় (শ্রীলঙ্কা) এবং নিয়ামুর রাহুল (বাংলাদেশ)।
ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসির সিইও সঞ্জয় গুপ্ত বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উঠতি ক্রিকেটারদের জন্য যেমন বড় সুযোগ, তেমনই উদীয়মান আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আশা করি, এই প্রতিযোগিতা তাঁদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার পথে সহায়ক হবে।