ad
ad

Breaking News

Gangasagar

প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগরের লক্ষ্যে প্রশাসনের অভিনব উদ্যোগ

এছাড়াও মেলা প্রাঙ্গণে প্লাস্টিক ব্যবহার রুখতে গ্রিন ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে।

green-and-clean-gangasagar-drive

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: গঙ্গাসাগরকে দূষণ রাখতে  অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন। ‘গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর’ গড়ার লক্ষ্যেই শনিবার সকালে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে এক বর্ণাঢ্য সচেতনতা শোভাযাত্রার আয়োজন করা হয়।এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও ছিলেন গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সীমান্ত কুমার মালি, জিবিডিইউ-এর আধিকারিক নিলাঞ্জন তরফদার, ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র-সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, গঙ্গাসাগরের পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মেলা প্রাঙ্গণ ও সমুদ্র সৈকতকে হাজার হাজার পুণ্যার্থী আসেন। তাই প্লাস্টিকমুক্ত রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আরও জানান, পুণ্যার্থীদের অসচেতন আচরণের ফলে সমুদ্র সৈকতে প্লাস্টিক ব্যাগ, বোতল ও অন্যান্য অজৈব বর্জ্য জমে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এই সমস্যা মোকাবিলায় প্রশাসনের তরফে একাধিক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ টিমের মাধ্যমে নিয়মিতভাবে সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে।

সংগৃহীত বর্জ্য সরাসরি রিসাইক্লিং ইউনিটে পাঠানো হবে, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্লাস্টিককে নিষ্ক্রিয় করে পুনরায় ব্যবহারযোগ্য কাঁচামালে রূপান্তর করা হবে।এছাড়াও মেলা প্রাঙ্গণে প্লাস্টিক ব্যবহার রুখতে গ্রিন ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে। শোভাযাত্রার মাধ্যমে পুণ্যার্থীদের কাছে আবেদন জানানো হয়, পুণ্যস্নানের পর যেন কেউ কোনোভাবেই সৈকতে প্লাস্টিক বা আবর্জনা না ফেলেন। নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।প্রশাসনের এই উদ্যোগের ফলে একদিকে যেমন গঙ্গাসাগর সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকবে, তেমনই পরিবেশ দূষণ রোধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই পুণ্যভূমি—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।