ad
ad

Breaking News

Vijay Hazare Matches

কুয়াশার দাপটের জেরে পিছিয়ে গেল শুভমান–শ্রেয়সের প্রত্যাবর্তনের ম্যাচ

সেখানে নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পেরিয়ে গেলেও টস পর্যন্ত করা যায়নি।

fog-delays-vijay-hazare-matches

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: নতুন বছরে শুরুতেও অব্যাহত উত্তর ও পশ্চিম ভারতের দূষণ ও কুয়াশার দাপট । প্রবল কুয়াশার কারণে মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির মোট চারটি ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে যাওয়ায় টস পর্যন্ত সম্ভব হয়নি একাধিক মাঠে।চোট সারিয়ে এদিনই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা ছিল ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের। কিন্তু আবহাওয়ার বাধায় তাঁদের প্রত্যাবর্তন আরও কিছুটা পিছিয়ে গেল। গিলের পাঞ্জাবের ম্যাচ ছিল জয়পুরের কে এল সাইনি গ্রাউন্ডে গোয়ার বিরুদ্ধে।

নির্ধারিত সময়ের প্রায় পৌনে দু’ঘণ্টা পরে ম্যাচ শুরু করা সম্ভব হয়। অন্যদিকে, শ্রেয়স আইয়ারের মুম্বইয়ের ম্যাচ ছিল হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয়পুরিয়া বিদ্যালয়ের মাঠে। সেখানে নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পেরিয়ে গেলেও টস পর্যন্ত করা যায়নি। জয়পুরের পাশাপাশি হিমাচল প্রদেশেও কুয়াশার দাপট দেখা যায়। মহারাষ্ট্র বনাম ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড বনাম সিকিমের ম্যাচ দু’টির টস সকাল ৯টায় হওয়ার কথা থাকলেও প্রায় আড়াই ঘণ্টা কেটে গেলেও মাঠে নামতে পারেননি অধিনায়করা। চারটি ম্যাচই এক ঘণ্টার বেশি সময় ধরে ঝুলে থাকে। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

কুয়াশায় ঢেকে যাওয়া জয়পুরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেই প্রসঙ্গে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মজার ছলে মন্তব্য করে, স্টেডিয়ামে থেকেও মাঠ দেখতে পাচ্ছেন না ফটোগ্রাফাররা।মাঠকর্মীরা আউটফিল্ড প্রস্তুত করতে ব্যস্ত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে।উল্লেখ্য, মাসখানেক আগেই লখনউয়ে প্রবল কুয়াশা ও দূষণের কারণে ভারত–দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ বাতিল হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘরোয়া ক্রিকেটে আবহাওয়ার থাবা উদ্বেগ বাড়াল ক্রিকেটমহলে।