চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দেশের মাঠে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর আইপিএল। সেই জন্য নতুন রূপে সাজতে চলেছে ইডেন গার্ডেন্স। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী শুরু হচ্ছে ইডেন সংস্কারের কাজ। দর্শকাসন বৃদ্ধি থেকে শুরু করে আধুনিক ড্রেসিংরুম ও বিশেষ স্কাইডেক সব মিলিয়ে সম্পূর্ণ নতুন চেহারা পেতে চলেছে ঐতিহ্যবাহী স্টেডিয়াম (Eden Gardens)।
বর্তমানে ইডেনে দর্শকাসনের সংখ্যা প্রায় ৬৬ হাজার। সংস্কারের পর তা বাড়িয়ে প্রায় ৮৫ হাজার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য একটি গ্যালারি সম্পূর্ণ ভেঙে নতুনভাবে নির্মাণ করা হবে। পাশাপাশি আরও আধুনিক করা হবে ড্রেসিংরুমগুলি। শোনা যাচ্ছে, প্রয়োজন অনুযায়ী ড্রেসিংরুমের সংখ্যাও বাড়তে পারে।
এই সংস্কারের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘স্কাইডেক’। স্টেডিয়ামের অনেকটা উঁচুতে তৈরি হবে বিশেষ বক্স, যেখান থেকে দর্শকরা অনন্য অভিজ্ঞতায় খেলা উপভোগ করতে পারবেন। বিদেশের একাধিক স্টেডিয়ামে এই ধরনের ব্যবস্থা থাকলেও, ইডেনে এটি প্রথম হতে চলেছে। সিএবির এক কর্তা জানান, ইডেনের সামগ্রিক সংস্কার নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই পুরো পরিকল্পনা চূড়ান্ত হবে (Eden Gardens)।
দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই আসন সংখ্যা বাড়ানো ও স্কাইডেক তৈরির ভাবনা নেওয়া হয়েছে। দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পরে দর্শকাসনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইডেন। সংস্কারের পর সেই ঐতিহ্য আরও মজবুত হবে বলেই মনে করছে ক্রিকেটমহল। সব ঠিকঠাক থাকলে আগামী দু’বছরের মধ্যেই শহরবাসী পাবে একেবারে ‘নতুন’ ইডেন গার্ডেন্স (Eden Gardens)।