চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের আগে ফের আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার একটি মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—বিরাট কি আদৌ টেস্ট ক্রিকেটকে চূড়ান্তভাবে বিদায় জানিয়েছেন, নাকি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জায়গা এখনও খোলা?২০২৫ সালের ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এরপর থেকে তিনি খেলছেন শুধুই ওয়ানডে ফরম্যাটে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় জার্সিতে ফের তাঁকে দেখা যাবে। এই সিরিজের আগে নেটে অনুশীলনের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে উথাপ্পা লেখেন, ওই চোখ দুটোই অনেক কথা বলে দেয়। সত্যিই মনে হচ্ছে, টেস্ট অবসর ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। তাঁর সংযোজন, সাদা জার্সিতে কোহলিকে ফের দেখতে চান অসংখ্য ক্রিকেটপ্রেমী।
উথাপ্পার এই মন্তব্যে ক্রিকেটমহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে কোহলির ফর্ম নিয়েও বিশেষ প্রশ্ন ওঠেনি। ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে খেলে বড় রানের ইঙ্গিত দিয়েছেন তিনি। একইভাবে ফর্মে রয়েছেন রোহিত শর্মাও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের ব্যাটিংয়ের ভরসা মূলত এই দুই অভিজ্ঞ ক্রিকেটারই। যদিও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তবু এই সিরিজে স্পটলাইট থাকবে কোহলি-রোহিতের দিকেই।এই সিরিজে অধিনায়ক শুভমান গিলের পারফরম্যান্সও বিশেষভাবে নজরে থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর তাঁর ব্যাট কী বার্তা দেয়, সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।
গিলের প্রত্যাবর্তনে ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন যশস্বী জয়সওয়াল। শ্রেয়স আইয়ার চার নম্বরে ফিরলে মাঝের সারির পরীক্ষানিরীক্ষাও শেষ হতে পারে। উইকেটকিপার হিসেবে আপাতত এগিয়ে রয়েছেন কে এল রাহুল, ফলে ঋষভ পন্থকে বেঞ্চেই বসে থাকতে হতে পারে।বোলিং বিভাগে এই সিরিজে থাকছেন না জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। টি-২০ বিশ্বকাপের কথা ভেবেই তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্পিন বিভাগে ভরসা কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে, নিউ জিল্যান্ড দলেও একাধিক পরিবর্তন। চোট ও ব্যক্তিগত কারণে নেই মিচেল স্যান্টনার, টম লাথাম ও কেন উইলিয়ামসন। অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন মাইকেল ব্রেসওয়েল। তবু ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসকে নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ যে মোটেই হালকা নয়, তা বলাই বাহুল্য।সব মিলিয়ে সিরিজ শুরুর আগে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বিরাট কোহলির টেস্ট অধ্যায় কি সত্যিই শেষ, নাকি রবিন উথাপ্পার মন্তব্য অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে?