চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ডব্লিউপিএলে নতুন অধিনায়কের নেতৃত্বে শুরুটা প্রত্যাশামতো হল না দিল্লি ক্যাপিটালসের। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫০ রানে হেরে গেল দল। তবে এই হারে মোটেই বিচলিত নন অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ। তাঁর বিশ্বাস, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে দিল্লির। মুম্বইয়ের তোলা ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস। চিনেল হেনরির অর্ধশতরান ছাড়া ব্যাটিংয়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি কেউই। জেমাইমার মতে, বড় রান তাড়া করতে গিয়ে জুটি গড়তে না পারাই পরাজয়ের প্রধান কারণ।
ম্যাচের পর জেমাইমা বলেন, আমরা বল হাতে ভালোই পারফর্ম করেছি। কিন্তু ব্যাট করার সময় কোনও বড় জুটি গড়তে পারিনি। এই জায়গাতেই আমাদের আরও কাজ করতে হবে। নতুন দল হিসেবে খেলছি, তাই একে অপরকে দোষ দিয়ে কোনও লাভ নেই। আমি নিশ্চিত, আমরা ঘুরে দাঁড়াতে পারব।এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন জেমাইমার বাবা-মা। তাঁদের সামনে অধিনায়কত্ব করা জেমাইমার কাছে ছিল বিশেষ অভিজ্ঞতা, যদিও ব্যাট হাতে তিনি নিজে বড় অবদান রাখতে পারেননি। তবু প্রথম ম্যাচেই দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতিতে সন্তুষ্ট জেমাইমা।
তিনি আরও বলেন, অধিনায়কত্ব করতে খুব ভালো লেগেছে। ঘরের মাঠে বাবা-মায়ের সামনে দলকে নেতৃত্ব দিতে পেরে গর্ব হচ্ছে। শুরুটা কঠিন হয়েছে ঠিকই, কিন্তু ভালো দল তারাই হয় যারা এমন পারফরম্যান্স ভুলে সামনে এগিয়ে যায়। আমরাও সেটাই করব।এক ম্যাচের হারেই ভেঙে পড়তে নারাজ দিল্লি ক্যাপিটালস শিবির। অধিনায়কের আত্মবিশ্বাসই ইঙ্গিত দিচ্ছে, ডব্লিউপিএলের বাকি ম্যাচগুলোতে নতুন রূপে ধরা দিতে পারে দল।