চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ডেভিড ওয়ার্নারের ব্যাটে যে এখনও ঝড় তোলে, তা আবারও প্রমাণ হল বিগ ব্যাশ লিগে। সিডনি থান্ডার্সের হয়ে হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে বিধ্বংসী শতরান করে রোহিত শর্মাকে টপকে গেলেন অজি ওপেনার, পাশাপাশি ছুঁয়ে ফেললেন বিরাট কোহলির এক ঐতিহাসিক নজিরও।৩ জানুয়ারি সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সিডনি থান্ডার্স। দলের হয়ে ওপেন করতে নেমে শুরুতে কিছুটা সময় নিলেও জমে যাওয়ার পর আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন ৩৯ বছরের ওয়ার্নার। মাত্র ৫৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৫ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন ওয়ার্নার, যেখানে ছিল ১১টি চার ও ৯টি ছয়। তাঁর স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ২০০।
এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের নবম শতরান পূর্ণ করলেন ওয়ার্নার। এর ফলে শতরানের সংখ্যায় তিনি একসঙ্গে টপকে গেলেন রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, ফাফ ডুপ্লেসি ও অভিষেক শর্মাকে—যাঁদের প্রত্যেকের টি-টোয়েন্টিতে শতরান আটটি করে। নবম শতরান করে ওয়ার্নার পৌঁছে গেলেন বিরাট কোহলি ও রিলি রুসোর পাশে। টি-টোয়েন্টি ক্রিকেটে ন’টি শতরান করে বিশ্বের তৃতীয় ব্যাটারদের তালিকায় যৌথ ভাবে জায়গা করে নিলেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন বাবর আজম ও প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।
ওয়ার্নারের ঝোড়ো ইনিংসে ভর করে সিডনি থান্ডার্স প্রথম ইনিংসে তোলে ২০৫ রান। তবে এত বড় রানের পুঁজি থাকা সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি ওয়ার্নারের দল। হোবার্ট হ্যারিকেনসের হয়ে ওপেনার টিম ওয়ার্ড ৯০ রান করেন, আর মিচেল ওউয়েন ১৮ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় হোবার্ট। ম্যাচের পরে ওয়ার্নার বলেন, দুটি দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল। এই পিচে যদি সময় নিয়ে ব্যাট করা যায়, তা হলে বড় রান করা সম্ভব। নিজের উপর ভরসা রেখে লড়াই চালিয়ে যেতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওরা দু’জনই (ওয়ার্ড ও ওউয়েন) বড় ইনিংস খেলল।ওয়ার্নারের এই ইনিংস আবারও প্রমাণ করে দিল, বয়স কেবল একটা সংখ্যা—ফর্ম আর মানসিকতা থাকলে অবসর নেওয়ার পরেও বিশ্বক্রিকেটে নজির গড়া যায়।