চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: টানা দু’বার টি-২০ বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। এর আগে কোনও দলই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ভারতের সাফল্যের ধারাবাহিকতা যেন অব্যাহত। মাঠের লড়াই যেমন স্মরণীয় হয়েছে, তেমনই সম্প্রচারের ক্ষেত্রেও তৈরি হয়েছে নজির। ডিজিটাল প্ল্যাটফর্ম জিওহটস্টারে ভিউয়ারশিপ ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। সূর্যকুমার যাদবদের বিশ্বজয়ের সাক্ষী হয়েছেন প্রায় ১০০ কোটি দর্শক।
নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারতের ঐতিহাসিক জয়ের রাতেই তৈরি হয় নতুন রেকর্ড। ফাইনাল ম্যাচ চলাকালীন জিওহটস্টারে দর্শকসংখ্যা পৌঁছে যায় ৭৪.৫ কোটিতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ৮২.১ কোটিতে। যা ভারতের অনলাইন ক্রিকেট সম্প্রচারের ইতিহাসে সর্বোচ্চ দর্শক সংখ্যা।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে সারা দেশেই ছিল উত্তেজনার আবহ। কলকাতাও ছিল তার ব্যতিক্রম নয়। শহরের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি অসংখ্য দর্শক ডিজিটাল প্ল্যাটফর্মেও চোখ রেখেছিলেন ম্যাচে।
সমাপ্তি অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে প্রবেশ করেন ধোনি ও রোহিত। দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমর্থকেরা। আলোর ঝলকানি, লাউড মিউজিক এবং রিকি মার্টিনের গানে জমে ওঠে অনুষ্ঠান। নজরকাড়া পারফরম্যান্স করেন সুখবিন্দর সিং এবং ফাল্গুনী পাঠক।
ম্যাচ শুরুর আগেই দর্শকের আগ্রহ স্পষ্ট ছিল। সমাপ্তি অনুষ্ঠানের সময় প্রায় ২.১ কোটি মানুষ স্ক্রিনে চোখ রেখেছিলেন। টসের সময় সেই সংখ্যা বেড়ে হয় ৪.২ কোটি। ভারতের ইনিংসের প্রথম বল হওয়ার আগেই তা ছুঁয়ে ফেলে ৬.৫ কোটি।
ভারতের ইনিংস শেষ হওয়ার সময় দর্শকসংখ্যা ছিল ৪৩.৯ কোটি। ইনিংস বিরতিতে তা বেড়ে দাঁড়ায় ৪৪.৩ কোটিতে। নিউজিল্যান্ড যখন ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে, তখন দর্শক ছিল ৪৯.৯ কোটি। প্রথম ওভার শেষ হতেই তা পেরিয়ে যায় ৫০ কোটির গণ্ডি।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়ার মুহূর্তে দর্শকসংখ্যা পৌঁছে যায় ৭৪.৫ কোটিতে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন তা আরও বেড়ে ৮২.১ কোটিতে দাঁড়ায়।
এই ভিউয়ারশিপ আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গেছে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ দর্শকসংখ্যা ছিল ৫.৩ কোটি। আবার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সেই সংখ্যা পৌঁছেছিল ৫.৯ কোটিতে। এবার সেই সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ে দিল ভারতের বিশ্বজয়।