চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: আইপিএলের মঞ্চে বড় দামের সঙ্গে বড় প্রত্যাশা জড়িয়ে থাকে। কিন্তু ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে সেই প্রত্যাশা এখনও অধরাই। ব্যাটে-বলে জ্বলে ওঠা তো দূরের কথা, পারফরম্যান্সে নেই কোনও ধারাবাহিকতা। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে ফের হতাশ করেছেন তিনি। প্রশ্ন উঠছে— ২৫ কোটির এই তারকা কবে নিজের ছাপ রাখবেন? প্রথম পাঁচ ম্যাচে তাঁর রান—১৮, ২, ৪, ৩২*, ০। মোটে ৫৬। এই পরিসংখ্যান কোনওভাবেই একজন বড় দামের অলরাউন্ডারের সঙ্গে যায় না। বল হাতেও সুযোগ কম, আর যেটুকু পেয়েছেন তাতেও বিশেষ প্রভাব ফেলতে পারেননি। সব মিলিয়ে গ্রিন এখনও নিজের জায়গা খুঁজতেই ব্যস্ত।
তাঁকে দলে আনা হয়েছিল আন্দ্রে রাসেলের বিকল্প হিসাবে। কিন্তু তুলনায় এখনও অনেকটাই পিছিয়ে গ্রিন। যে রাসেল একসময় একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতেন, সেই রাসেল এখন ডাগআউটে ‘পাওয়ার কোচ’। আর সেটাই এখন কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন তুলছে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ সরাসরি কেকেআরের এই সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, রাসেলকে অলরাউন্ডার হিসাবে না খেলিয়ে কোচ করে দেওয়াই এই মরশুমের সবচেয়ে বড় ভুল। ইঙ্গিত স্পষ্ট— আজও রাসেল কি গ্রিনের চেয়ে বেশি কার্যকর নন?
সমর্থকদের মধ্যেও বাড়ছে ক্ষোভ। অনেকেই বলছেন, কেন এত তাড়াতাড়ি রাসেলকে সরানো হল? টিম সেইফার্ট বা রাচীন রবীন্দ্রের মতো খেলোয়াড়রা বাইরে বসে থাকছেন, অথচ গ্রিনকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। যদিও রভম্যান পাওয়েল সুযোগ পেয়ে অন্তত লড়াইয়ের চেষ্টা করছেন, তবু গ্রিনের ব্যর্থতা ঢাকছে না। সোশাল মিডিয়ায় ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তাঁকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ফ্লপ বলেও কটাক্ষ করছেন। মরশুম এখনও বাকি, কিন্তু দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে এই বিনিয়োগ কেকেআরের জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে। এখন দেখার, সমালোচনার জবাব মাঠেই দিতে পারেন কি না ক্যামেরন গ্রিন।