চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: বুদাপেস্ট র্যাঙ্কিং সিরিজে ভারতীয় কুস্তির সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করলেন কাজল। মহিলা ৭৬ কেজি বিভাগে দুর্দান্ত লড়াই করে সোনা জিতে নিলেন অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন এই কুস্তিগীর। একই প্রতিযোগিতায় অন্তিম পাঙ্গাল ও নেহা শর্মা রুপো জিতে দেশের পদক সংগ্রহ আরও সমৃদ্ধ করেছেন।
ফাইনালে কাজলের প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইমন্ড প্রেশাস গিলফোর্ড। শুরু থেকেই দুই প্রতিযোগীর মধ্যে তীব্র লড়াই দেখা যায়। নির্ধারিত সময় শেষে স্কোর ৩-৩ সমতায় শেষ হয়। তবে নিয়মের বিচারে এগিয়ে থেকে চ্যাম্পিয়নের মুকুট ওঠে কাজলের মাথায়। গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ ধরে রেখে যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি, তা প্রশংসিত হয়েছে।
বুদাপেস্ট র্যাঙ্কিং সিরিজে ভারতের এটি তৃতীয় সোনা। অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কাজলের এই সাফল্য তাঁর আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক উত্থানকেই তুলে ধরছে। এদিকে, ৫৩ কেজি বিভাগে লড়াই করে ফাইনালে উঠেছিলেন অন্তিম পাঙ্গাল। কিন্তু সোনার পদকের লড়াইয়ে নামার আগেই চোটের কারণে তাঁকে সরে দাঁড়াতে হয়। সুইডেনের এমা জোনা ডেনিস মালমগ্রেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে অংশ নিতে না পারায় রুপো পান অন্তিম।
৫৭ কেজি বিভাগে ভারতের হয়ে লড়াই করেন নেহা শর্মা। ফাইনালে তাঁর সামনে ছিলেন চিনের কেক্সিন হং। আক্রমণাত্মক কৌশল নিয়েও শেষ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিতে পারেননি নেহা। ০-৪ ব্যবধানে হারলেও রুপো জিতে দেশের হয়ে গুরুত্বপূর্ণ পদক এনে দেন তিনি। এছাড়া ৫৩ কেজি বিভাগে নিসু ব্রোঞ্জ পদক জেতেন। রোমানিয়ার আন্দ্রিয়া বিয়াত্রিস আনাকে টক্কর দিয়ে ২-২ সমতার লড়াইয়ের পর নিয়মের ভিত্তিতে জয় পান ভারতীয় কুস্তিগীর।
কাজলের সোনা, অন্তিম ও নেহার রুপো এবং নিসুর ব্রোঞ্জ মিলিয়ে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা এখন ১২। এর মধ্যে রয়েছে ৩টি সোনা, ৪টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। সামনে গ্রেকো-রোমান বিভাগের লড়াইয়ে আরও ভাল ফলের আশায় রয়েছে ভারতীয় শিবির।