চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: কার্লো আন্সেলোত্তির উপর আস্থা আরও দৃঢ় করল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রখ্যাত এক স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ইতালিয়ান এই কোচের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে ব্রাজিল। আন্সেলোত্তির কোচিংয়ে সেলেকাওদের পারফরম্যান্সে খুশি হয়েই এই সিদ্ধান্ত নিতে আগ্রহী ব্রাজিলের ফুটবল কর্তারা।চলতি বছরের মে মাসে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন কার্লো আন্সেলোত্তি। শুরুটা খুব একটা মসৃণ না হলেও ধীরে ধীরে তাঁর হাত ধরে ছন্দে ফেরে ব্রাজিল। এক সময় বিশ্বকাপের বাছাইপর্বে ধুঁকতে থাকা দল এখন মূলপর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে। এই সাফল্যেই আন্সেলোত্তির উপর আরও বেশি ভরসা রাখছে সিবিএফ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আন্সেলোত্তির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। বর্তমানে তাঁর সঙ্গে ব্রাজিলের চুক্তি রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে সিবিএফ চাইছে, বিশ্বকাপের গণ্ডি পেরিয়ে আরও দীর্ঘ সময়ের জন্য আন্সেলোত্তির হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে। আজকের প্রজন্মের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত কার্লো আন্সেলোত্তি। ক্লাব ফুটবলে তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া ট্রফি। জাতীয় দলেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ব্রাজিল।
লক্ষ্য একটাই— বিশ্বমঞ্চে হারানো গৌরব পুনরুদ্ধার করা।উল্লেখ্য, ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। আন্সেলোত্তির নেতৃত্বে সেই খরা কাটানোর স্বপ্ন দেখছে সেলেকাও শিবির। ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি ভবিষ্যতের পথচলাতেও তাঁকেই ব্রাজিল ফুটবলের রূপকার হিসেবে দেখতে চাইছে সিবিএফ।