চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : রাজ্য জুড়ে চলছে এসআইআর-এর কাজ। প্রশাসনের নির্দেশে অধিকাংশ শিক্ষক-শিক্ষিকাই এখন সেই কর্মযজ্ঞে ব্যস্ত। সমস্ত ব্যস্ততা, সমস্যার মধ্যেও ক্রীড়া প্রতিযোগিতার ধরে রাখতে উদ্যোগী হল শিক্ষা দফতর। শনিবার বালুরঘাট ব্লকের পতিরাম এলাকায় অনুষ্ঠিত হল বালুরঘাট মহকুমা ভিত্তিক জেলা প্রাথমিক, নিম্ন বুনিয়াদি ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির ক্রীড়া প্রতিযোগিতা।এদিন সকাল থেকেই পতিরামের মাঠে ছিল উৎসবের আবহ।
বিভিন্ন সার্কেল ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ছাত্রছাত্রীরাই অংশ নেয় এই মহকুমা স্তরের প্রতিযোগিতায়। দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ নানা ইভেন্টে খুদে প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ নজর কাড়ে সকলের। মাঠের চারপাশে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, আরটিও বোর্ডের সদস্য মফিজ উদ্দিন মিয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উদ্বোধনী মঞ্চ থেকেই পড়ুয়াদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য রাখেন অতিথিরা। তাঁরা জানান, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা ছাত্রজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের বাৎসরিক একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এবছর এসআইআর-এর কাজে অনেক শিক্ষক ব্যস্ত থাকায় কিছুটা সমস্যা হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তবুও পড়ুয়াদের কথা ভেবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। গত বছর সকলের অংশগ্রহণ ছিল ব্যাপক। এবছর যাঁরা এসআইআর-এর কাজে যুক্ত, তাঁরা হয়তো মাঠে থাকতে পারছেন না, সেটাই তাঁদের জন্য দুঃখের। কিন্তু সবাই মিলেই এই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। শীতের রোদ মেখে মাঠজুড়ে দৌড়ঝাঁপ, জয়-পরাজয়ের উচ্ছ্বাস আর খুদেদের হাসিতে এদিন প্রমাণ হল— সমস্ত প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও পড়ুয়াদের সর্বাঙ্গীণ বিকাশের প্রশ্নে আপস করতে নারাজ শিক্ষা দফতর।