চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। রবিবার দুবাইয়ে অনুশীলনের সময় বাম হাঁটুতে চোট পেলেন দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। সূত্রের খবর, নেটে হার্দিক পাণ্ডিয়া ব্যাটিং অনুশীলন করার সময়ই একটি বল এসে লাগে পাশে দাঁড়িয়ে থাকা পন্থের হাঁটুতে। এবং তক্ষনাৎ মাটিতে বসে পড়েন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। এরপরই পন্থের চিকিৎসা শুরু করেন দলের সঙ্গে থাকা চিকিৎসকরা। দেওয়া হয় বরফ-ও।
তারপর পন্থ উঠে দাঁড়ালেও, তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়েই চলতে দেখা যায়। তবে পন্থের চোট সেরকম গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। এরপর সতীর্থের এইরকম চোট লাগার পর ছুটে আসেন কাছেই দাঁড়ানো থাকা হার্দিক পাণ্ডিয়াও। কথাও বলেন তাঁরা দুজনে। তারপর পন্থ অবশ্য আর নেটে বেশিক্ষণ থাকেননি। তিনি সোজা চলে যান ড্রেসিংরুমে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ঋষভ পন্থ। সেই সময় তাঁর হাঁটুতেও চোট লেগেছিল। তারপর বেশ কয়েক মাস তিনি ছিলেন দলের বাইরে। অবশেষে চোট কাটিয়ে দলে ফিরছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ফের চোট পেলেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দুবাইতে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে মেন-ইন-ব্লুজদের প্রতিপক্ষ বাংলাদেশ। এবং ২৩ ফেব্রুয়ারি ভারত খেলবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।