চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের তারকা পেসার প্যাট কামিন্স। অ্যাশেজ চলাকালীন পাওয়া চোট সারিয়ে দ্রুত ফিট হওয়ার লড়াই চালালেও শেষ পর্যন্ত সময়ের অভাবে মাঠে ফেরা সম্ভব হয়নি তাঁর। ঝুঁকি নিতে চাননি কামিন্স নিজেও। তাই সাদা বলের বদলে আবারও লাল বলের ক্রিকেটকেই প্রাধান্য দিলেন অজি অধিনায়ক।জানা গিয়েছে, অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতেই এখন তাঁর প্রধান লক্ষ্য। সেই কারণে ধাপে ধাপে রিহ্যাব শেষ করে পুরোপুরি ফিট হয়েই মাঠে ফিরতে চান তিনি। আসন্ন আইপিএল-এ তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা চিন্তা বাড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে।
অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেন, বিশ্বকাপ না খেলতে পারা অবশ্যই হতাশার। তবে চোটটা বড় কিছু নয়, মূল সমস্যা সময়ের অভাব। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফেরার চেষ্টা করব। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে অ্যাশেজে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। মাত্র একটি ম্যাচ খেলেই ছিটকে যান কামিন্স। এরপর দীর্ঘদিন পুনর্বাসন চললেও সম্পূর্ণ ফিট হতে পারেননি তিনি। ফলে ২০২৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে বাকি টেস্ট ম্যাচগুলিতে খেলাই এখন তাঁর মূল ফোকাস।
কামিন্স আরও জানান, অ্যাডিলেড টেস্টের পর জানতে পারি, হাড় পুরোপুরি স্থিতিশীল হতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তারপর ধীরে ধীরে বোলিং শুরু করা যাবে। প্রথমে ভেবেছিলাম চার সপ্তাহেই ঠিক হয়ে যাব, কিন্তু পরে চিকিৎসকরা আরও কিছুটা সময় নিতে বলেন।তাড়াহুড়ো না করে শরীরের অবস্থার উপর নজর রেখেই মাঠে ফিরতে চান অজি পেসার। আইপিএল খেলবেন কি না, সেটাও নির্ভর করছে পিঠের ব্যথা এবং সামগ্রিক ফিটনেসের উপর। সব মিলিয়ে বিশ্বকাপের আগে কামিন্সের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা বলেই মনে করছে ক্রিকেট মহল।