চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: টি–২০ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অভিজ্ঞ পেসার জস হ্যাজলেউড।চোটের জন্য অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি হ্যাজলেউড। তবুও তাঁকে টি–২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছিল।
শুরুতে জানা গিয়েছিল, গ্রুপ পর্বে হয়তো তিনি খেলতে পারবেন না। কিন্তু পরিস্থিতি আরও জটিল হওয়ায় শেষ পর্যন্ত পুরো বিশ্বকাপ থেকেই বাইরে চলে গেলেন এই তারকা পেসার। উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকেই চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাকআপ হিসেবে শন অ্যাবটকে পাঠানোর কথা জানিয়েছিল।
অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডমেইড বলেন, আশা ছিল সুপার এইটের আগেই ফিট হয়ে উঠবে হ্যাজলেউড। কিন্তু সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। যদিও পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করা হয়নি। নির্বাচকদের আশা, গ্রুপ পর্বে বড় সমস্যা হবে না এবং প্রয়োজন অনুযায়ী পরে বদলি ক্রিকেটারের নাম জানানো হবে।বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে টি–২০ সিরিজে ০–৩ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। তার উপর প্যাট কামিন্স আগেই ছিটকে গিয়েছেন; তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে বেন ডোয়ারসুইসকে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই চাপে অজি শিবির।