চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: অ্যাশেজ সিরিজে অনেকটাই পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। এর আগের দুটি টেস্টে জিতে অজিরা ২-০ ফলাফলে এগিয়ে গিয়েছে। প্রথম টেস্টে মিচেল স্টার্ক, ট্র্যাভিস হেডদের দাপটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া (Ashes Blow)।
দ্বিতীয় ম্যাচে জো রুট শতরান করলেও জয় পায়নি ইংল্যান্ড। তাই তৃতীয় টেস্ট ইংল্যান্ডের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। ব্রিটিশ স্কোয়াডের অভিজ্ঞ পেসার মার্ক উড চোটের কারণে বাদ পড়লেন গোটা সিরিজ থেকেই। পারথে প্রথম টেস্টে খেলার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন উড। যে কারণে খেলতে পারেননি দ্বিতীয় টেস্টেও। এবার পুরো সিরিজেই তাঁর খেলা অনিশ্চিত হয়ে গেল বলে জানা যাচ্ছে ইংল্যান্ড শিবির থেকে।
অবশ্য শুধু ইংল্যান্ডই যে ধাক্কা খেয়েছে তেমন নয়, ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়াও। অজি শিবিরের তারকা পেসার জশ হ্যাজেলউডও ছিটকে গিয়েছেন গোটা অ্যাশেজ সিরিজ় থেকে। অ্যাশেজ সিরিজ শুরুর আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলার সময়ে হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন হ্যাজেলউড (Ashes Blow)।
পারথ ও গাব্বায় প্রথম দুই টেস্টে তাই খেলতে পারেননি তিনি। তবে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু তার মধ্যেই গোড়ালিতে অ্যাকিলিস পেশিতে সমস্যার কারণে সংশয় বাড়ছিল খেলা নিয়ে। এবার পাকাপাকি ভাবে তিনি ছিটকে গিয়েছেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এই খবর দিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে।
তবে অস্ট্রেলিয়া দলের জন্য একটি সুখবরও রয়েছে বলে জানা গিয়েছে। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে প্যাট কামিন্সের খেলা নিশ্চিত। দলকে নেতৃত্বও দেবেন তিনি। তাই হ্যাজেলউড ছিটকে গেলেও কামিন্সের ফেরায় কিছুটা স্বস্তি পেয়েছেন অজি ক্রিকেটার থেকে সমর্থকরাও (Ashes Blow)।
পাশাপাশি, চলতি বছরের গোড়ার দিকেই পায়ে সার্জারি হয়েছিল মার্ক উডের। সেই চোট সারিয়ে ফিরেছিলেন পারথ টেস্টে। কিন্তু মাত্র ১১ ওভার বোলিং করতে পেরেছিলেন তিনি। কিন্তু অসুবিধা যে হচ্ছে, তা বোঝা যাচ্ছিল স্পষ্ট। মনে করা হচ্ছিল চতুর্থ ও পঞ্চম টেস্টে খেলতে পারবেন তিনি, কিন্তু সেই আশাও শেষ। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরে রিহ্যাব ও চোট সারানোর জন্য মেডিক্যাল টিমের সঙ্গেই থাকবেন মার্ক উড। তাঁর পরিবর্ত হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন ইয়র্কশায়ারের পেসার ম্যাথিউ ফিসার।