চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে গোলশূন্য ড্র হওয়ার ফলে সরাসরি লাভবান হয়েছে মিকেল আর্তেতার দল। তার উপর শেষ ম্যাচে লিগ জয়ের দৌড়ে থাকা অ্যাস্টন ভিলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল গানার্সরা।২০০৩-০৪ মরসুমের পর আর ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারেনি আর্সেনাল। দীর্ঘ ২২ বছর পর সেই খরা কাটানোর সুযোগ তৈরি হয়েছে এ বার। প্রথম পর্ব শেষে শীর্ষস্থানে থাকা আর্সেনালের পেছনে থাকা ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুল পয়েন্ট নষ্ট করায় আর্তেতার দল কিছুটা স্বস্তি পেয়েছে।অ্যাস্টন ভিলার বিরুদ্ধে বড় জয়ের গুরুত্ব স্বীকার করে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন,পয়েন্ট টেবলের এক নম্বর জায়গা ধরে রাখতে এই জয়টা আমাদের খুব দরকার ছিল। ছেলেরা জানে শীর্ষে থাকতে হলে কী করতে হবে। ওরা সেই লক্ষ্যেই এগোচ্ছে।২২ বছর পর ইপিএল জয়ের সুযোগ নষ্ট করতে রাজি নন তিনি।
অন্যদিকে লিভারপুলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে হতাশ ম্যাঞ্চেস্টার সিটি শিবির। তবে লড়াই ছাড়তে নারাজ দলের অধিনায়ক বার্নার্ডো সিলভা। তিনি বলেন,সব সময় নিখুঁত থাকা সম্ভব নয়। আমরা লড়াই করেছি, যদিও যতটা ভালো খেলা উচিত ছিল, ততটা পারিনি। এখন ধারাবাহিকতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দু’মাস পর লিভারপুলের বিরুদ্ধে খেলেন রদ্রি।
দ্বিতীয়ার্ধে তাঁকে নামানো হলেও জয় আদায় করতে পারেনি সিটি। তবে রদ্রির প্রত্যাবর্তনে দলের শক্তি বাড়বে বলেই মনে করছেন সিলভা। লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনালের পিছনে জয়ের দৌড়ে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। লিভারপুল টানা দশ ম্যাচ অপরাজিত থাকলেও পয়েন্টের ব্যবধানে কিছুটা পিছিয়ে রয়েছে। ইংল্যান্ডের ফুটবল বিশেষজ্ঞদের মতে, এ বার ইপিএল জয়ের লড়াই মূলত প্রথম তিন দলের মধ্যেই সীমাবদ্ধ।এদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি আবারও ধারাবাহিকতার অভাবে ভুগছে। ১৯ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় লিগ টেবলে সামান্য এগিয়ে রয়েছে চেলসি।সব মিলিয়ে, শিরোপার দৌড়ে এখন সবচেয়ে সুবিধাজনক জায়গায় আর্সেনাল। তবে মরসুমের বাকি অংশে সিটি ও ভিলার চাপ সামলে শীর্ষস্থান ধরে রাখাই এখন আর্তেতার দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।