চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: দাপট অব্যাহত আর্জেন্টিনার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিলির বিরুদ্ধে তারা শেষ করল ১-০ গোলে। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন অ্যালভারেজ। এরপরও তাদের আক্রমণত্মক ফুটবল জারি থাকে। কিন্তু আর গোলের মুখ দেখতে পায়নি তারা। অন্যদিকে, চিলির কাছেও বেশ কয়েকটি সুযোগ আসে সমতা ফেরানোর, তবে সেগুলি তারা কাজে লাগাতে সফল হয়নি। এদিনের ম্যাচের বিশেষ আকর্ষণ মাঠে মেসিকে পাওয়া।
এদিনের ম্যাচটি খেলা হয় চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোসে। প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে আর্জেন্টিনা। ছোট ছোট পাসের মাধ্যমে তারা একাধিকবার চিলির পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, তবে তা রুখে দেয় তাদের রক্ষণভাগ। অবশেষে ১৬ মিনিটে খাতা খোলে গতবারের বিশ্বজয়ী দল। আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালভারেজ। কিছুক্ষণ পরই চিলির কাছেও একটা সুযোগ আসে ঘুরে দাঁড়ানোর। তবে সেটা তারা গোলে পরিণত করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের চিত্রটাও ঠিক একই। আবারো অ্যাটাকিং ফুটবল খেলতে নামে আর্জেন্টিনা আর চিলিকে দেখা যায় ডিফেন্সিভ মোডে। তবে এই অর্ধের শুরুতেও এক হালকা সুযোগ আসে চিলির কাছে কামব্যাক করার। কিন্তু আবারো আর্জেন্টিনার জালে বল জড়াতে ব্যর্থ হয় তারা। বলতে গেলে, হাতে-গোনা কয়েকবার তারা নীল-সাদা বাহিনীর পেনাল্টি বক্স পর্যন্ত ঢুকতে পারে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অবশেষে ১-০ স্কোরলাইনে মুখে হাসি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফুটবলাররা।