Bangla Jago Desk : সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় তরুণ ব্যাটসম্যান মুশির খান। খবরে বলা হয়েছে, এই ঘটনার পর তার হাড় ভেঙে গেছে। মুশির তার বাবা নওশাদ খানের সাথে ইরানি কাপের ম্যাচের জন্য কানপুর থেকে লখনউ যাচ্ছিলেন, তখনই তিনি এই দুর্ঘটনার সম্মুখীন হন। মুশির খান টিম ইন্ডিয়ার খেলোয়াড় সরফরাজ খানের ছোট ভাই। ২০২৪ সালের ইরানি কাপের জন্য মুম্বইয়ের দলে তাকে নির্বাচিত করা হয়েছে। ১-৫ অক্টোবর লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১৯ বছর বয়সী খেলোয়াড় মুশির খান মুম্বইয়ের একজন উঠতি তারকা। তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ দলেরও অংশ ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানি কাপে মুম্বই দলের সঙ্গে লখনউ যাননি মুশির খান। তিনি তার পিতা নওশাদ খানের সাথে তার নিজ শহর আজমগড়ে ছিলেন এবং সেখান থেকে লখনউ যাচ্ছিলেন। এরপর এই দুর্ঘটনায় আহত হন তিনি। বলা হচ্ছে, দুর্ঘটনার পর তার গাড়ি ৪-৫ বার উল্টে যায়, যার কারণে তার ঘাড়েও আঘাত লাগে। এই চোটের পর ইরানি কাপ থেকে ছিটকে গেছেন তিনি। ১১ অক্টোবর থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির প্রাথমিক রাউন্ড থেকে মুশিরও বাদ পড়তে পারেন।
মুশির খানের দুর্ঘটনা নিয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। একইসঙ্গে তার ইনজুরির সম্পূর্ণ তথ্য এখনও জানা যায়নি। ইরানি কাপ থেকে মুশির খানের বিদায় মুম্বই দলের জন্য বড় ধাক্কা। ইরানি কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলার কথা ছিল তার।