ad
ad

Breaking News

Abhishek Sharma

শর্মাজির ব্যাটে আগুন, ১৫ বলেই অর্ধশতক, বিশ্বরেকর্ড-সহ গড়লেন একাধিক নজির

এই ইনিংসের মাধ্যমে অভিষেক শর্মা আরও কয়েকটি বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন।

abhishek-sharma-fastest-fifty-ipl-record

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকেই ঝড় তুললেন। চেন্নাই সুপার কিংসের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে মাত্র ১৫ বলে অর্ধশতরান করে গড়লেন একাধিক নজির। এটি তাঁর আইপিএল কেরিয়ারের দ্রুততম অর্ধশতরান। একই সঙ্গে হায়দরাবাদ দলের ইতিহাসেও এটিই দ্রুততম অর্ধশতরান। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল তাঁর এবং ট্রাভিস হেডের দখলে, এবার এককভাবে শীর্ষে উঠে এলেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানগুলির একটি, একই কীর্তি রয়েছে বৈভব সূর্যবংশীরও। পাওয়ার প্লেতে তাঁর আগ্রাসী ব্যাটিং দলকে দ্রুতগতির সূচনা এনে দেয় এবং মাত্র কয়েক ওভারেই ম্যাচের রং বদলে দেন তিনি।

শেষ পর্যন্ত ২২ বলে ৫৯ রান করে আউট হন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। এত কম বলে এত বড় প্রভাব ফেলার ক্ষমতাই তাঁকে আলাদা করে তুলছে। মাত্র ১৫ বলে অর্ধশতরান করার পাশাপাশি পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে এই ইনিংসটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

এই ইনিংসের মাধ্যমে অভিষেক শর্মা আরও কয়েকটি বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন। টি-২০ ক্রিকেটে ২০ বলের কমে ১০টি অর্ধশতরান- বিশ্বে প্রথম। অন্য কেউ করতে পারেননি ছ’টির বেশি। আইপিএলে কুড়ি বলের কমে সবচেয়ে বেশি ছয়টি অর্ধশতরান এখন তাঁর দখলে। অন্য কোনও ক্রিকেটারের পাঁচটিও নেই। এর আগেই তিনি উনিশ বল বা তার কমে সবচেয়ে বেশি পঞ্চাশ রানের রেকর্ড গড়েছিলেন, যেখানে তিনি পিছনে ফেলেছিলেন নিকোলাস পুরানকে। এছাড়া পনেরো বল বা তার কমে চারটি অর্ধশতরানের নজিরও তাঁর নামেই, যা বিশ্ব ক্রিকেটে অনন্য। অন্যদের ক্ষেত্রে সর্বোচ্চ দু’টি এমন ইনিংস রয়েছে।

অভিষেকের ঝড়ো শুরু সত্ত্বেও মাঝের ওভারে গতি ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। শেষ ১৪ ওভারে তুলতে পারে মাত্র ১১৯ রান। নির্ধারিত ২০ ওভারে স্কোর দাঁড়ায় ১৯৪। হেনরিখ ক্লাসেন ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে অংশুল কম্বোজ ও জেমি ওভারটন তিনটি করে উইকেট নেন।

এই ইনিংসের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেল, অভিষেক শর্মা এখন টি-২০ ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর পাওয়ার হিটারদের একজন, যাঁর ব্যাটে এক ওভারে ম্যাচের ছবি বদলে যেতে পারে।