চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অসমের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে বিজয় হাজারে ট্রফির বাকি অংশ থেকে ছিটকে গেলেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। শনিবার ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট লাগে তাঁর। স্ক্যান রিপোর্ট অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। ফলে বাংলা দল কোয়ার্টার ফাইনালে উঠলেও সেখানে অভিষেককে পাওয়া যাবে না।দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেককে রাজকোট থেকে কলকাতা ফিরিয়ে আনা হচ্ছে। তাঁর পরিবর্ত হিসেবে রাজকোটে পাঠানো হচ্ছে শাকির হাবিব গান্ধিকে। শনিবার অসম ম্যাচের বাকি সময় উইকেটকিপিং করেন অনূর্ধ্ব-১৯ দল থেকে সিনিয়র স্কোয়াডে সুযোগ পাওয়া সুমিত নাগ। ওই ম্যাচে দু’টি স্টাম্পিংও করেন তিনি। যদিও গান্ধি রাজকোটে পৌঁছলেও, হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচে শুরু থেকে সুমিতের খেলার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। বিজয় হাজারে ট্রফিতে গ্রুপের বাকি দুই ম্যাচই বাংলার কাছে কার্যত নকআউট। কারণ শেষ দু’টি ম্যাচ জিতলেই সরাসরি পরের পর্বে পৌঁছে যাবে দল, রান রেট বা অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে না। টানা তিন ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বঙ্গ শিবির। তবে অসম ম্যাচে অভিষেক পোড়েলের চোট কিছুটা হলেও ধাক্কা দিয়েছে দলকে।
দলের এক সদস্যের কথায়,সাদা বলের ক্রিকেটে অভিষেক খুবই গুরুত্বপূর্ণ। ভালো কিপার হওয়ার পাশাপাশি পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারে। ও না থাকাটা দলের জন্য একটা ফ্যাক্টর। চলতি প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ২৪১ রান করেছেন অভিষেক, যা বঙ্গ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি ছ’টি ক্যাচও ধরেছেন তিনি। তবে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বাংলা টিম ম্যানেজমেন্ট। ২২ জানুয়ারি সার্ভিসেসের বিরুদ্ধে রনজি ট্রফি অভিযান শুরু করবে বাংলা। তার আগেই অভিষেক পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই প্রাথমিক ধারণা দলের।
এদিকে মঙ্গলবার রাজকোটে গ্রুপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হতে পারেন ভারতের দুই তারকা পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফির শুরু থেকেই খেলছেন শামি। অন্য দিকে, শেষ ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে নেমেছিলেন সিরাজ। জানা গিয়েছে, গ্রুপের শেষ তিন ম্যাচের জন্য হায়দরাবাদের স্কোয়াডে ঢুকেছেন সিরাজ ও তিলক বর্মা।যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ডাক পেলেও এখনও সেই পরিকল্পনায় কোনও বদল হয়নি সিরাজের ক্ষেত্রে। অন্য দিকে, জল্পনা থাকলেও ওই সিরিজে ডাক পাননি শামি। আপাতত তিনি বাংলার জার্সিতেই খেলা চালিয়ে যাবেন বলেই খবর দলীয় সূত্রে। ফলে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মঙ্গলবার দেখা যেতে পারে শামি-সিরাজ দ্বৈরথ।