চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু হল বই। নানান বিষয়ের ওপর নানান গ্রন্থ বা বই পড়ে আমাদের মন ঋদ্ধ হয়। অচেনা অজানাকে জানার ঈপ্সা আমাদের মনে তৈরি করে দেয় বই। আপনাকে যদি প্রশ্ন করা হয়, ‘ শাহনামেহ’, ‘লিটল প্রিন্স’, ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড’, ‘দ্য অ্যালকেমিস্ট’ কী? সাহিত্যের প্রেমিক হিসাবে আপনি নির্দ্বিধায় বলবেন এসব হল পৃথিবী বিখ্যাত সব সাহিত্য সৃষ্টি। আসলে এসব অসাধারণ সব গ্রন্থের নামেই রয়েছে আস্ত রাস্তা। ইরানের রাসউল আবাদ গ্রামে রয়েছে এমন অভিনব রাস্তা। ইরানের উত্তর পশ্চিম প্রান্তে হামেদান জেলায় রাসউল আবাদ গ্রামে সংস্কৃতিমনা ও বইপ্রেমী বাসিন্দাদের উদ্যোগে বিভিন্ন রাস্তার নামকরণ করা হয়েছে বিখ্যাত সব গ্রন্থর নামে।
এই গ্রামের বাসিন্দারা বইপ্রেমী। তাঁদের জন্য রয়েছে আস্ত লাইব্রেরি। শুধু ইরানি বা ফার্সি ভাষার বই নয় গ্রন্থাগারে রয়েছে বিশ্বের বিভিন্ন রকমের বিভিন্ন ভাষার হাজার হাজার বই। গোটা বিশ্বে এমন অভিনব গ্রন্থর নামে রাস্তা আর কোথাও দেখতে পাওয়া যায় না। ইরানের রাসাউল আবাদ গ্রামে মোট ৩০টি রাস্তার নামকরণ করা হয়েছে পারস্যের বিখ্যাত কবি সাদিরের লেখা গুলিস্তান ও বোস্তাঁর নামে।
এছাড়াও পারস্যের কবি ফিরদৌসির লেখা শাহনামেহ, ফরাসি লেখক আন্তোয়ান দ্য স্যাঁ এক্সুপেরির লেখা দ্য লিটল প্রিন্স, লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড, ব্রাজিলিও লেখক পাউলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট, আমেরিকান লেখক স্টিফেন কিংয়ের লেখা দ্য গ্রিন মাইল বইয়ের নামে রাস্তা রয়েছে। গড়পড়তা ভাবে রাস্তার নামকরণ করা হয়নি।
রাস্তার চরিত্র ও বইয়ের চরিত্র বিশ্লেষণ করে ভোটাভুটির মাধ্যমে রাস্তার নামকরণ করা হয়েছে। রাসাউল আবাদ গ্রামের গ্রাম পরিষদ সদস্য কুবাদ ইয়ারির উদ্যোগে এমন অভিনব রাস্তার নামকরণ করা হয়েছে। ফার্সি, কুরদিশ ও ইংরেজি ভাষায় লেখা রাস্তার নাম। ব্রাজিলের বিখ্যাত লেখক পাউলো কোয়েলহো নিজেই ইনস্টাগ্রামে রাস্তার ছবি পোস্ট করেছিলেন।