চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: টেকস্যাভি আধুনিক কেতাদুরস্ত জীবনের অবিচ্ছেদ্য অংশ হল কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, আইপ্যাড, স্মার্টফোন, সাধারণ অ্যানালগ ফোন। আত্মবিস্মৃত বাঙালি আজ ভুলে গেছে ভারতের প্রথম কম্পিউটার ম্যানের কথা। তিনি হলেন মেধাবী বাঙালি অধ্যাপক সমরেন্দ্রকুমার মিত্র। সমরেন্দ্রকুমার মিত্রকে ফাদার অফ কম্পিউটারস ইন ইন্ডিয়া বলে ডাকা হয়। তিনি শুধু কলকাতার বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের বাঙালি গণিতবিদ ছিলেন না তিনি ছিলেন আইএসআইয়ের কম্পিউটিং মেশিনস অ্যান্ড ইলেকট্রনিকস ডিভিশনের প্রতিষ্ঠাতা তথা প্রথম প্রধানও বটে। ভারতের বিজ্ঞান ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর জীবনী সংরক্ষণ করে রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ার হিস্ট্রি মিউজিয়াম অফ কম্পিউটারসে।
১৯৫৩ সালে ভারতের প্রথম ইলেকট্রনিক অ্যানালগ কম্পিউটার তৈরি হয়। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই কম্পিউটারের ডিজাইন ছিল অধ্যাপক সমরেন্দ্রকুমার মিত্রর। তিনি নিজে সরেজমিনে এই কম্পিউটারের কাজ আইএসআইতে হাতেকলমে করে দেখান প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে। গণিতের সাইমালটেনাস লিনিয়ার ইক্যুয়েশন কষতে ব্যবহার করা হত এই বিশেষ কম্পিউটার। ১৯৬৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট প্রথম সেকেন্ড জেনারেশন দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ডিজিটাল কম্পিউটার তৈরি করে। এই উদ্যোগেরও নেতৃত্ব দেন অধ্যাপক সমরেন্দ্রকুমার মিত্র। তিনি ‘আইএসআইজেইউ কম্পিউটার’ নামে হাইস্পিড ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারও তৈরি করেছিলেন।
অধ্যাপক সমরেন্দ্রকুমার মিত্রর নেতৃত্বে ভারতের প্রথম সেকেন্ড জেনারেশন দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিজিটাল কম্পিউটার তৈরি হয়। যার নাম দেওয়া হয় ট্রানজিজটর ড্রিভেন মেশিন আইএসআইজেইউ-১। ১৯৬৪ সাল থেকে পুরোদমে এই কম্পিউটার কাজ করা শুরু করে।
১৯১৬ সালের ১৪ মার্চ কলকাতায় বনেদি পরিবারে জন্ম সমরেন্দ্রকুমার মিত্রর। বাবা রূপেন্দ্রকুমার মিত্র ছিলেন একাধারে গণিত ও আইনবিদ্যায় স্বর্ণপদকপ্রাপ্ত। স্বাধীনতার সময় কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি হন। রসায়ন ও ফলিত গণিতে ডিগ্রিধারী প্রেসিডেন্সি কলেজের মেধাবী পড়ুয়া সমরেন্দ্রকুমার মিত্র রসায়নে কানিংহাম মেমোরিয়াল পুরস্কার পান। অধ্যাপক মেঘনাদ সাহার অধীনে পিএইচডি শুরু করেও শেষ করেননি। সিএসআইআরে তিনি রিসার্চ ফিজিসিস্ট হিসাবে কাজ করেছিলেন। হাই স্পিড কম্পিউটিং মেশিন তৈরির জন্য ইউনেস্কোর পুরস্কার পান অধ্যাপক সমরেন্দ্রকুমার মিত্র। গণিত ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, পোলট্রি সায়েন্স, সংস্কৃত, ভাষাতত্ত্ব, দর্শন, ধর্ম ও সাহিত্যেও দক্ষ ছিলেন অধ্যাপক সমরেন্দ্রকুমার মিত্র। স্বাধীন ভারতের বহু গবেষণামূলক কমিটির সদস্য ছিলেন।