চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ‘মোটা’ বলে কটুক্তির জেরে গুলি।উত্তরপ্রদেশের গোরখপুরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। শুধু শরীর নিয়ে ঠাট্টা, তাতেই রাগ চেপে রাখতে না পেরে দুই ব্যক্তির উপর গুলি চালাল এক যুবক। আহত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ঘটনাটি ঘটেছে গোরখপুরের খাজনি এলাকায়।
একটি পারিবারিক অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন অর্জুন চৌহান নামের এক যুবক। সেই অনুষ্ঠানেই ভোজের সময়, মাঞ্জারিয়া গ্রামের অনিল চৌহান এবং শুভম চৌহান অর্জুনের ওজন বেশি হওয়ার জন্য তাকে মজা করতে শুরু করে। শুধু তাই নয় অর্জুনকে মোটা বলে তাঁরা কটাক্ষ করেন।
অভিযোগ, এতেই অপমানিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন অরুণ। সেই রাগেই পরদিন বন্ধু আসিফ খানকে নিয়ে অভিযুক্তদের খোঁজে বেরিয়ে পড়েন। হাইওয়েতে ধাওয়া করে টোল প্লাজার কাছে জোর করে গাড়ি থেকে নামিয়ে শুভম চৌহান ও অনিল চৌহানের উপর গুলি চালিয়ে দেন বলে অভিযোগ। গুলির শব্দ শুনে পথচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই খাজনি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ দ্রুত তদন্তে নেমে অরুণকে গ্রেফতার করেছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের পুরো প্রেক্ষাপট জানার চেষ্টা করছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাই আবার সামনে এনে দিল বডি শেমিংয়ের ভয়াবহ পরিণতি। আজকের যুগে শরীর নিয়ে কটাক্ষ যে শুধু আঘাতই নয়, ভয়ানক বিপদের কারণও হতে পারে, তার প্রমাণ হয়ে রইল এই ঘটনা।