চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: লাগাতার টানা ভারী বৃষ্টি। আর সেই বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটল কেরলের ওয়েনাড জেলা। মঙ্গলবার সকালে জেলার কল্লাডি এলাকায় মীনাক্ষী সেতুর কাছে আচমকাই ধস নামে। ঘটনায় একাধিক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর দলও উদ্ধার অভিযানে যোগ দিচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালাপ্পুরম ও ওয়েনাডকে সংযুক্তকারী আনাক্কমপোয়িল–মেপ্পাডি টানেল সড়ক প্রকল্পের নির্মাণস্থলের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। সেই সময় এলাকায় একাধিক নির্মাণকর্মী কাজ করছিলেন। ধস নামার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে ধ্বংসস্তূপ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
প্রশাসনের দাবি, গত ২৪ ঘণ্টায় ওয়েনাডে প্রায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা ভারী বর্ষণের ফলেই পাহাড়ি এলাকায় এই ভূমিধস হয়েছে বলে মনে করা হচ্ছে। ধসে টানেল প্রকল্পে ব্যবহৃত কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি বাড়ি ও হোমস্টে থাকলেও সেগুলির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেরলের মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক করেন। তিনি উদ্ধার ও ত্রাণকাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্যের রাজস্বমন্ত্রী ও ওয়েনাড়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রীকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে তল্লাশি অব্যাহত রেখেছে উদ্ধারকারী বাহিনী।