চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: অসমে বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের পাশাপাশি একাধিক পরিচিত মুখও ভোট দিতে দেখা যায়। আর এদিন ভোট দিতে দেখা গেল প্রয়াত জনপ্রিয় অসমিয়া গায়ক জুবিন গর্গ-এর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ-কে। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তিনি ভোট দিতে আসেন।
ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গরিমা জানান, তিনি মাত্র একদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবুও ভোটদানকে নাগরিক দায়িত্ব মনে করে তিনি ভোট দিতে এসেছেন। গরিমা বলেন, ‘আমি গতকালই হাসপাতাল থেকে বেরিয়েছি। আগে আমি সবসময় জুবিনের সঙ্গে ভোট দিতে আসতাম। ভোট দেওয়া সবার কর্তব্য। শরীর খারাপ হলেও আমি ভোট দিতে এসেছি এবং ভোট দিয়ে এসেছি।’
সেইসঙ্গে এদিন প্রয়াত স্বামী জুবিন গর্গকে স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গরিমা। তিনি বলেন, জুবিনের মৃত্যুর ঘটনায় তাঁরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন এবং সেই লড়াই চলবে। তাঁর কথায়, ‘ন্যায় তো চাই। সেটার জন্যই আমরা লড়ছি। দ্রুত যেন ফলাফল বেরোয়, সেটাই আশা করি। ন্যায় যেন আমরা সবাই পাই।’
উল্লেখ্য, জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হন। স্কুবা ডাইভিং করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছিল। তবে জুবিনের মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরেই নানা মহলে সন্দেহ ও জল্পনা তৈরি হয়েছিল। অনেকে দাবি করেছিলেন, ঘটনার পিছনে ষড়যন্ত্র বা অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তবে সম্প্রতি সিঙ্গাপুরের এক করোনার তদন্তে জানানো হয়েছে, জুবিন গর্গের মৃত্যু দুর্ঘটনাজনিত ডুবে যাওয়ার ফলে হয়েছে এবং কোনওরকম ‘ফাউল প্লে’ বা ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি।