ad
ad

Breaking News

Voter Revision

ভোটার তালিকায় বড়সড় ‘শুদ্ধিকরণ’! পশ্চিমবঙ্গ থেকে গায়েব ৯০ লক্ষের বেশি নাম, তালিকায় শীর্ষে কোন রাজ্য?

অন্যান্য নির্বাচনী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও ভোটার সংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে।

Voter Revision Massive Deletions in Electoral Rolls

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ভোটের বাদ্যি বাজার মুখে দেশের বিভিন্ন রাজ্যের ভোটার তালিকায় বড়সড় রদবদল সামনে এনেছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই তালিকায় সংশোধনের আগে রাজ্যে মোট ভোটার ছিলেন ৭.৬৬ কোটি, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬.৭৭ কোটিতে। তবে নাম বাদ যাওয়ার পাশাপাশি বহু নতুন ভোটারও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ বাদে ভোটমুখী রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। সেখানে ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছে, যার ফলে সেই রাজ্যের ভোটার সংখ্যা ৬.৪১ কোটি থেকে কমে ৫.৬৭ কোটিতে দাঁড়িয়েছে। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দৌড়ে সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ। শুধুমাত্র খসড়া তালিকাতেই সেখানে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ পড়েছে, যা চূড়ান্ত তালিকায় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যান্য নির্বাচনী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও ভোটার সংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। কেরালায় ৮.৯৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ায় বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২.৬৯ কোটি। গুজরাটে এই প্রক্রিয়ায় ৭৭.৯৫ লক্ষ নাম বাদ গিয়েছে এবং বর্তমান ভোটার সংখ্যা ৪.৪০ কোটি। একইভাবে মধ্যপ্রদেশে ৩৪.২৫ লক্ষ, রাজস্থানে ৩১.৩৬ লক্ষ এবং ছত্তীসগঢ়ে ২৪.৯৯ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

ক্ষুদ্রতর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা গিয়েছে। গোয়া থেকে ১.২৭ লক্ষ এবং পুদুচেরি থেকে ১.০৩ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ হাজার ভোটারের নাম কাটা গিয়েছে। লক্ষদ্বীপেও নাম বাদ পড়লেও সেখানে পরিবর্তনের হার তুলনামূলকভাবে কম। কমিশনের দেওয়া এই পরিসংখ্যান অনুযায়ী, অসামঞ্জস্য দূর করতে এবং তালিকা স্বচ্ছ রাখতে পশ্চিমবঙ্গসহ দেশের বড় একটি অংশে এই শুদ্ধিকরণ অভিযান চালানো হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ দ্বিতীয় ধাপে বিহারসহ আরও ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে এই সংশোধন প্রক্রিয়ার আওতায় ছিল।