ad
ad

Breaking News

Valparai Crash

তামিলনাড়ুতে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি, মৃত্যু ৯ পর্যটকের

পুলিশ সূত্রে খবর, শুক্রবার মালাপ্পুরম থেকে ১৩ জন যাত্রী নিয়ে ভালপারাই ঘুরতে এসেছিল ওই ভ্যানটি।

valparai-crash-kerala-tourists-killed-tamil-nadu

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বেড়াতে  যাওয়ার আনন্দ নিমেষেই বদলে গেল শোকে। ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন কেরালার পর্যটকেরা। তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপারাই পাহাড় সংলগ্ন এলাকায় খাদে পড়ে যায় পর্যটকবোঝাই একটি ভ্যান। ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন চালক- সহ আরও ৪ জন। মৃত ও আহত সকলেই কেরালার মালাপ্পুরম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার মালাপ্পুরম থেকে ১৩ জন যাত্রী নিয়ে ভালপারাই ঘুরতে এসেছিল ওই ভ্যানটি। ভ্রমণ শেষে ফেরার পথে ভালপারাই-পোলাচি হিল রোডে পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। বাঁকে একটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে গভীর গিরিখাতে গড়িয়ে পড়ে ভ্যানটি। দুর্ঘটনার তীব্রতায় পর্যটকবোঝাই গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ভালপারাই থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন মহিলা। আহতদের উদ্ধার করে দ্রুত পোলাচি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯।

সূত্রের খবর, হতাহতদের মধ্যে কয়েক জন মালাপ্পুরম এলাকার একটি স্কুলের শিক্ষক। তাঁরা ছুটি কাটাতে ভালপারাই এসেছিলেন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, রাস্তার বিপজ্জনক বাঁক নাকি চালকের অসতর্কতা— কোন কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে শোকবার্তা দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।