চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: প্রাক-বিবাহের অনুষ্ঠানে নাচ-গান ও উৎসব। শূন্যে চলছিল গুলি। আর সেই আনন্দ নিমেষেই বদলে গেল শোকে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল দুই নাবালক।উত্তরপ্রদেশের ইটাহ জেলার উমাই আসাদনগর গ্রামে ‘সেলিব্রেটরি ফায়ারিং’-এর সময়ে ঘটল মর্মান্তিক পরিণতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে গ্রামে একটি প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছিল। চারদিকে চলছিল গান-বাজনা ও নাচ। সেই সময় আনন্দ উদযাপন করতে গিয়ে এক ব্যক্তি শূন্যে গুলি ছোড়ে।
অভিযোগ, সেই গুলিই গিয়েই লাগে দু’জন কিশোরের শরীরে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সি সুহালি (আসুদ্দিনের ছেলে) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর জখম অবস্থায় ১৭ বছরের শাহখাদ (মুন্না খানের ছেলে)-কে প্রথমে আলিগঞ্জের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শ্বেতাম্ভ পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, এটি ‘সেলিব্রেটরি ফায়ারিং’-এর জেরেই ঘটেছে। তবে কার গুলি লেগে এই মৃত্যু, অস্ত্রটি কার ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।ইতিমধ্যেই মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।