ad
ad

Breaking News

Uttar Pradesh

উত্তরপ্রদেশে চলন্ত বাসে অগ্নিকাণ্ড! মৃত ৩, আহত ২৪

ধাক্কার জেরে বাসটি ছিটকে গিয়ে একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় পুরো বাসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকেও।

Uttar Pradesh: Fatal Collision Sparks Tragedy in Balrampur

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: উত্তরপ্রদেশের বলরামপুরে ফের চলন্ত বাসে আগুন। যাত্রিবাহী বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে তিন জনের, আহত অন্তত ২৪ জন। সোমবার গভীর রাতে ফুলওয়ারিয়া বাইপাসে একটি যাত্রীবোঝাই বাস ও শীতের জামাকাপড় বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। ধাক্কার জেরে বাসটি ছিটকে গিয়ে একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় পুরো বাসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকেও (Uttar Pradesh)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি বিহারের সোনাউলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। বাসে থাকা অধিকাংশ যাত্রীই নেপালের বাসিন্দা ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ফুলওয়ারিয়া ওভারব্রিজ থেকে নামার পর প্রবল গতিতে ধাক্কা মারে বাসে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে অনেক যাত্রী আতঙ্কে জানালা ভেঙে বেরিয়ে আসেন। অনেকে আগুনে ঝলসে গুরুতর জখম হন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজ। বাসের ভেতর থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। পরে ট্রাকের ধ্বংসাবশেষ সরাতে গিয়ে আর এক মৃতদেহ পাওয়া যায়। সকল আহতকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Uttar Pradesh)।

গুরুতর অবস্থায় থাকা ছ’জনকে বাহরাইচ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে লখনউয়ের ট্রমা সেন্টারে। বাকিদের ফুলওয়ারিয়া কম্বাইন্ড ডিস্ট্রিক্ট হাসপাতাল ও মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের সামান্য আঘাত লেগেছে, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, অত্যন্ত দ্রুত গতি অথবা ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই নিখোঁজ বাসচালক, কন্ডাক্টর এবং ট্রাকচালক।ঘটনাস্থলে পরিদর্শনে যান বলরামপুরের জেলাশাসক বিপিন কুমার এবং পুলিশ সুপার বিকাশ কুমার। তাঁরা আহতদের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন (Uttar Pradesh)।