ad
ad

Breaking News

Uttar Pradesh

পথকুকুর সমস্যা মেটাতে মানবিক পরিকল্পনা উত্তরপ্রদেশ সরকারের

প্রশাসনের লক্ষ্য মানবিক ও বিজ্ঞানসম্মত উপায়ে সমস্যাটির স্থায়ী সমাধান করা।

up-stray-dog-shelter

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তরপ্রদেশে পথকুকুরের উপদ্রব ও কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা সম্প্রতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এই সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের জেলা সদর এবং পুরনিগম এলাকায় দ্রুত ‘ডগ শেল্টার হোম’ (কুকুর আশ্রয়স্থল) এবং ‘অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল’ (এবিসি) বা জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র গড়ার কাজ শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশনায় এই প্রকল্পটি যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলছে। প্রশাসনের লক্ষ্য মানবিক ও বিজ্ঞানসম্মত উপায়ে সমস্যাটির স্থায়ী সমাধান করা। এই প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় জমি চিহ্নিতকরণ এবং বাজেটের সংস্থান সংক্রান্ত কাজ অনেকটাই এগিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রতিটি আশ্রয়স্থলের জন্য প্রায় ৪৭০ লক্ষ থেকে ৫৩১ লক্ষ টাকা খরচ হতে পারে। ডিটেইলড প্রকল্প রিপোর্ট (ডিপিআর)-এ কুকুরদের থাকার জায়গা, খাবার, চিকিৎসা, পরিচ্ছন্নতা ইত্যাদির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

লখনউ পুরনিগম ইতিমধ্যেই জমি সংরক্ষণের জন্য অনুমোদন দিয়েছে। প্রয়াগরাজেও জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। শুধু বড় শহর নয়, জেলা স্তরেও একই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ললিতপুর, হরদোই, বুলন্দশহর ও ফতেপুরের মতো জেলাগুলিতে কয়েকটি হেক্টর জমি নির্দিষ্ট করা হয়েছে এই প্রকল্পের জন্য।

প্রশাসন জানিয়েছে, এসব আশ্রয়স্থলে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা হবে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে পথচলতি কুকুরদের যত্ন ও দেখভালও নিশ্চিত করা যাবে। রাজ্য সরকার মনে করছে, সঠিক উপায়ে বন্ধ্যাকরণ এবং নিরাপদ আশ্রয়স্থল তৈরি করলে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। উত্তরপ্রদেশের প্রতিটি পুরনিগমে এ ধরনের ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এখন প্রশ্ন, এই প্রকল্প কত দ্রুত সাধারণ মানুষের উপকারে আসবে।