ad
ad

Breaking News

Uttarpradesh

যোগীর রাজ্যে ভোটার তালিকায় বড় কোপ! বাদ পড়ল ২.৮৯ কোটি নাম, যা বাংলার তুলনায় ৫ গুণ

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া জানান, নাম বাদ পড়া ভোটারদের মধ্যে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার রয়েছেন।

up-draft-voter-list-2026-2-89-crore-names-dropped

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপের শেষে অবশেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো, তিন দফায় সময়সীমা বাড়ানোর পর। এনুমারেশন ফর্ম জমা ও যাচাইয়ের পর রাজ্যের প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় নেই। এটি পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

খসড়া তালিকায় মোট ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত ছিল। এনুমারেশন পর্ব শেষে প্রকাশিত তালিকায় স্থান পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম, যা রাজ্যের মোট ভোটারের ১৮.৭০ শতাংশের সমান।

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া জানান, নাম বাদ পড়া ভোটারদের মধ্যে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার রয়েছেন। এছাড়া, দু’জায়গায় নাম থাকা (ডুপ্লিকেট) ভোটার ২৫ লক্ষ ৪৭ হাজার এবং স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার ২ কোটি ১৭ লক্ষ। এই সমস্ত ভোটারকেও খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি খসড়া তালিকায় থাকা ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি প্রদর্শনের জন্য শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। চূড়ান্ত তালিকা ৬ মার্চ প্রকাশিত হবে।

পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গের খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছিল, যা সংখ্যায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার। সূত্রের খবর, বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা করছেন, ২০২৭ সালের বিধানসভা ভোটে তাঁকে হারানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী বিশেষভাবে চেষ্টা করছেন।