চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে মঙ্গলবার সকালে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে হায়দরাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। চলন্ত ট্রেনের দুটি এসি বগি হঠাৎ করেই আলাদা হয়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বাঁচেন ট্রেনের শতাধিক যাত্রী।
জানা গিয়েছে, পালাসার গ্রামের কাছে ট্রেনটি পৌঁছনোর সময় এই বিপত্তি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুটি কামরার মাঝে কাপলিং ভেঙে যাওয়াতেই বগিগুলি আলাদা হয়ে যায়। ফলে ট্রেনটি দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। কিছু বগি সামনের দিকে চলে যায়, আর পিছনের দিকের বগিগুলো লাইনের পেছনে সরে যায়।
আরও পড়ুনঃ মার্কিন ক্রেতাদের চাপ, বাংলাদেশি পোশাক রপ্তানিতে কঠিন সময়ের ইঙ্গিত
এই ঘটনা বুঝতে পেরে চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। হঠাৎ এই ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা ধরে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এই ঘটনার পর রেল নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। তবে কোনো বড় দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই।