চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের সমস্ত বিমানবন্দর, হেলিপ্যাড, বিমানঘাঁটি এবং উড়ান প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে হাই অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান নিরাপত্তা দফতর। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য পুলিশ, সিআইএসএফ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এয়ারপোর্ট অপারেটর এবং সব এয়ারলাইন্সের কাছে। সূত্রের খবর, পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন এই সময়ের মধ্যে নাশকতার ছক কষেছে। সেই তথ্যের উপর ভিত্তি করেই দেশজুড়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র (Terror Alert)।
আরও পড়ুনঃ SIR protest: “আমার দেহ পেরোতে হবে” এসআইআর নিয়ে বড় মন্তব্য মমতার
কেন্দ্রীয় অসামরিক বিমান নিরাপত্তা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে-প্রতিটি বিমানবন্দর ও উড়ানস্থলে ২৪ ঘণ্টা নজরদারি চালাতে হবে। টার্মিনাল, পার্কিং লট এবং ব্যারিকেড ঘেরা এলাকাগুলিতে প্যাট্রোলিং বাড়াতে হবে। বিমানবন্দরে কর্মরত সব কর্মী, ঠিকাদার এবং দর্শনার্থীদের পরিচয়পত্র কঠোরভাবে পরীক্ষা করতে হবে। সমস্ত সিসিটিভি যেন সচল থাকে এবং তা থেকে নিয়মিত নজরদারি করা হয় তা নিশ্চিত করতে হবে। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত দেশি ও বিদেশি এয়ারলাইন্সকে কার্গো ও মেল স্ক্রিনিংয়ে নিরাপত্তা আরও কঠোর করতে বলা হয়েছে।এয়ারপোর্টে ঢোকার আগে প্রতিটি পার্সেল বা মালপত্র গুরুত্ব সহকারে পরীক্ষা করার নির্দেশ। সব প্রশিক্ষণ কেন্দ্রেও নজরদারি বাড়াতে বলা হয়েছে (Terror Alert)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/
নিরাপত্তা সংস্থাগুলির মতে, ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সময়সীমার মধ্যে দেশে একাধিক উৎসব ও জাতীয় ছুটি রয়েছে। ফলে এই সময়ে বিমান যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা জঙ্গিদের কাছে এক বড় সুযোগ হতে পারে। সেই ঝুঁকি এড়াতেই আগাম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় বিমান নিরাপত্তা দফতর। দেশবাসীর নিরাপত্তার স্বার্থে সমস্ত বিমানবন্দর ও উড়ানকেন্দ্রে নজরদারি আরও কড়া করা হয়েছে।যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে পর্যাপ্ত সময় হাতে রেখে পৌঁছনো এবং পরিচয়পত্র সঙ্গে রাখা।সাধারণ মানুষ যেন সতর্ক থাকেন, সন্দেহজনক কিছু দেখলেই প্রশাসনকে জানান এমনই আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ (Terror Alert)।