চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতেও উৎসবের আমেজ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এবারের নির্বাচনে রাজ্যটিতে মূল লড়াই হচ্ছে ত্রিমুখী। প্রথাগত শক্তি ডিএমকে (DMK) এবং এআইএডিএমকে (AIADMK)-র বিপরীতে এবার বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় এবং তাঁর নতুন দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (TVK)। তরুণ প্রজন্মের একটি বড় অংশ বিজয়ের দিকে ঝুঁকে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তামিলনাড়ুতে এবারের মোট ভোটার সংখ্যা প্রায় ৫ কোটি ৬৭ লক্ষ। তবে ভোটার তালিকা থেকে প্রায় ৭৪ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ২০২১ সালের নির্বাচনে ডিএমকে জোট বিপুলভাবে জয়ী হলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিজের গড় কোলাথুর কেন্দ্র ধরে রাখতে মরিয়া, অন্যদিকে এআইএডিএমকে প্রধান ইকে পলানীস্বামী এডাপ্পাদি আসন থেকে তাঁর আধিপত্য বজায় রাখতে পারেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এবারের নির্বাচনে সব দলেরই মূল লক্ষ্য রাজ্যের মহিলা ভোটাররা। জয় নিশ্চিত করতে তিন প্রধান পক্ষই ইশতেহারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন ঘোষণা করেছেন যে, ভোটে জিতলে মহিলাদের জন্য ৮ হাজার টাকা নগদ উপহার থাকবে। পিছিয়ে নেই বিরোধী শিবিরও; এআইএডিএমকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় ফিরলে মহিলাদের জন্য এই উপহারের পরিমাণ হবে ১০ হাজার টাকা। এখন দেখার বিষয়, দক্ষিণের এই হাই-ভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি কে হাসে।